বিশ্বকাপে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ বাতিল

আপডেট : ০১ মার্চ ২০১৬, ১৭:১৭
মার্চে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচের সংশোধিত সূচিতে হংকং ও বাংলাদেশের অনুষ্ঠেয় প্রস্তুতি ম্যাচটি বাতিল করা হয়েছে। ৫ মার্চ ধর্মশালায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ম্যাচটি।
 
বাংলাদেশের পরিবর্তে ভারতের স্থানীয় একটি দলের বিপক্ষে হংকং খেলবে বলে জানিয়েছে আইসিসি। এশিয়া কাপের ফাইনালে উঠলে এই ম্যাচ খেলা বাংলাদেশের পক্ষে সম্ভব নয়। যদিও ফাইনালে ওঠা এখনও নিশ্চিত হয়নি বাংলাদেশের।তবে হংকংকে সুযোগ করে দিতে বাংলাদেশকে প্রস্তুতি ম্যাচ থেকে অব্যাহতি দিয়েছে আইসিসি।
 
এশিয়া কাপের চলতি আসরের ফাইনাল ৬ মার্চ। ফলে ফাইনালে উঠলে সঙ্গত কারণেই বাংলাদেশ ওই ম্যাচ খেলতে পারবেনা। শুধু তাই নয়, ৪ মার্চ ও ৬ মার্চ বিন্দ্রায় নেদারল্যান্ডস, আফগানিস্তান, স্কটল্যান্ড ও ওমানের প্রস্তুতি ম্যাচগুলো দিনের দুইটি ভাগে অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছে আইসিসি।
 
উল্লেখ্য, ৮ মার্চ থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব। ১৫ মার্চ থেকে শুরু হতে যাওয়া সুপার টেন বা মূলপর্বে অংশ নেওয়ার সুযোগ পাবে বাছাইপর্বের দুটো দল। বেশিরভাগ দল দুটো করে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পেলেও বাংলাদেশের ভাগ্যে জুটেছিল একটিই ম্যাচ। কিন্তু এশিয়া কাপের কারণে সেই ম্যাচটিও হাতছাড়া হয়ে গেল মাশরাফি-সাকিবদের।