বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক, বাণিজ্যিক, সাংস্কৃতিক ও শিক্ষার সুযোগ বৃদ্ধির লক্ষ্যে উভয় দেশ যার যার অবস্থান থেকে জোরালো ভূমিকা রাখবে বলে অঙ্গিকার করল কিরগিজস্তান।
গত ২৫ ফেব্রুয়ারি, উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মসয়ূদ মান্নান তিনদিনের কিরগিজস্তান সফরের সময় ঐ-দেশের সাংস্কৃতিক, তথ্য ও পর্যটন মন্ত্রী, পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির চেয়ারম্যান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট উইং এর মহাপরিচালক ও অর্থনৈতিক বিষয়ক মন্ত্রণালয়ের কাউন্সেলরের সাথে পৃথক পৃথক বৈঠকে এ প্রত্যাশা ব্যক্ত করা হয়।
বাংলাদেশের রাষ্ট্রদূত ২০১৬ সালকে বাংলাদেশের পর্যটন বর্ষ হিসেবে ঘোষণার কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশ ও মধ্য এশিয়ার দেশগুলোর মধ্যে দীর্ঘদিনের ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন রয়েছে যা ভবিষ্যতে আরো বৃদ্ধি পাবে।
রাষ্ট্রদূত বাংলাদেশ থেকে তৈরি পোষাক আমদানি, টেক্সটাইল ও প্রযুক্তি ক্ষেত্রে অধ্যয়নের জন্য কিরগিজস্তান থেকে ছাত্র-ছাত্রী প্রেরণ এবং কিরগিজস্তানে বাংলাদেশের ছাত্রদের শিক্ষার সুযোগ দানের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।
দু’দেশের মধ্যে সাংস্কৃতিক বন্ধন জোরদারের লক্ষ্যে গত ২৬ ফেব্রুয়ারি, ২০১৬ কিরগিজস্তানের জাতীয় যাদুঘরের আর্ট গ্যালারিতে ১২ দিন ব্যাপি বাংলাদেশের খ্যাতিমান শিল্পী মিজ নাজিয়া আন্দালিব প্রিমার প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত। এককচিত্র প্রদর্শনীতে শিল্পীর ৩০ টি ছবি ও বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের উপর ৫০টি বিভিন্ন ধরনের আলোকচিত্র স্থান পেয়েছে।
এসময় কিরগিজস্তানের সংস্কৃতি বিষয়ক উপমন্ত্রী, সংসদ সদস্যসহ বিভিন্ন স্তরের শিল্পী, সাহিত্যিক ও বিভিন্ন দূতাবাদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
