পলায়ন ও বিদ্রোহের অভিযোগে নিজেদের ৮ ডাচ সদস্যকে হত্যা করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। সোমবার একটি মানবাধিকার সংগঠন ‘রাকা ইজ বিইং স্লটারড সাইলেন্টলি’ (আরবিএসএস) এই দাবি করে।
শুক্রবার সিরিয়ার রাকা প্রদেশের মাদানে এই ৮ ডাচ সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে জানায় সংগঠনের সদস্য আবু মোহাম্মদ। নাগরিক সাংবাদিকের সংগঠন আরবিএসএস জানায়, ৭৫ জন ডাচ জিহাদি-যাদের বেশিরভাগই মরক্কো বংশোদ্ভূত এবং ইরাক থেকে আগত আইএসের গোয়েন্দাদের মধ্যে গত এক মাস ধরে উত্তেজনা বিরাজ করছিল।
তিন ডাচ জিহাদিকে পালিয়ে যাওয়ার অভিযোগে গ্রেফতার করে আইএস সদস্যরা। এদের একজনকে জিজ্ঞাসাবাদের সময় পিটিয়ে হত্যা করা হয়।
ডাচ জিহাদিরে সাথে গোয়েন্দাদের বিরোধ নিরসনের জন্য আইএস নেতৃত্ব একটি প্রতিনিধি দল পাঠিয়েছিল। কিন্তু তা ফলপ্রসূ না হওয়ায় ইরাকি আইএস নেতৃত্ব সব ডাচ জিহাদিকে সিরিয়ার তাবাকা ও মাদানে বন্দী রাখার নির্দেশ দেয়।
তবে সিরিয়ায় পর্যবেক্ষণকারী মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এখন এই খবরের সত্যতা নিশ্চিত করতে পারেনি।
ডাচ গোয়েন্দা সংস্থা জানায়, নেদারল্যান্ডস থেকে ৫০ নারীসহ প্রায় ২০০ মানুষ আইএস এ যোগদানের উদ্দেশ্যে সিরিয়া ও ইরাক গিয়েছে।
