তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, স্মার্টফোন, ট্যাবলয়েডের মতো ইলেক্ট্রনিক ডিভাইস যখন বাংলাদেশে তৈরি করা শুরু হবে তখন স্বাভাবিকভাবেই কর্মসংস্থান তৈরি হবে। রবিবার কালিয়াকৈরে হাইটেক পার্ক এর দ্বিতীয় ও চতুর্থ ব্লক উদ্বোনের পর একথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘প্রতিবছর আমরা হাজার হাজার স্মার্টফোন, ট্যাবলয়েড ও ল্যাপটপ আমদানি করি। হাইটেক পার্কের মাধ্যমে আমরাই এগুলো তৈরি করতে সক্ষম হবো।’
আরেক বক্তব্যে সামিন টেকনোপলিস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক আবূ রেজা খান বলেন, ২০১৭ সালের জানুয়ারির মধ্যেই কালিয়াকৈর হাইটেক পার্ক বিনিয়োগকারীদের জন্য প্রস্তুত হয়ে যাবে।
আবূ রেজা বলেন, ব্লক দুই এর মাধ্যমে ৭০ হাজার কর্মসংস্থান তৈরি হবে এবং ১০ হাজার মানুষকে প্রশিক্ষণ দেয়া সম্ভব হবে। এই প্রকল্পটি পরিবেশের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে।
পাবলিক প্রাইভেট পার্টনারশিপের আওতায় সামিট টেকনোপলিসের সঙ্গে যুক্ত হয়ে তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় এই প্রকল্প শুরু করেছে। গত বছরের ২৮ জুন এই সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করে উভয়পক্ষ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান, ইনফিনিটি ইনফোটেক পার্কস লিমিটেড, আইসিটি সচিব শ্যাম সুন্দর শিকদার, বাংলাদেশে হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক। সামিট গ্রুপের পরিচালক ফাদিয়া খান।
