বি-টাউনে সবাই তাকে কিং খান বলে ডাকে। কারো কারো কাছে তিনি বলিউড-বাদশা। তাকে এক পলক দেখার জন্য, এক বার ছুঁয়ে দেখার জন্য আসমুদ্র-হিমাচলের ভক্তরা পাগল। সেই শাহরুখ খানকে সপাটে চড় মেরেছিলেন এক নারী! এই ঘটনার কথা সবাইকে জানিয়েছেন খোদ শাহরুখ।
শাহরুখ নিজের আগামী ছবি ‘ফ্যান‘ এর প্রচারণায় এই ঘটনার কথা জানিয়েছেন।
ডিএনএ শাহরুখের বরাত দিয়ে জানিয়েছে, ঘটনাটা বেশ কয়েক বছর আগের। শাহরুখ তখন সদ্য পা দিয়েছেন মুম্বাইতে। টিকিট কেটে উঠে বসেন মুম্বাইয়ের এক লোকাল ট্রেনে। উঠে দেখেন সব সিট দখল করে বসে আছেন লোকজন। হাতে টিকিট নিয়ে সবাইকে তিনি বলেন যে তার কাছে টিকিট রয়েছে‚ তার সিট যেন ছেড়ে দেওয়া হয়। সেখানে ছিলেন এক নারীও। শাহরুখ তাকে বলেন‚ নারী বলে তাকে বসার সিট ছেড়ে দেয়া যেতে পারে‚ কিন্তু কোনও পুরুষকে তিনি নিজের সিটে বসতে দেবেন না।
এ কথা শুনেই ওই নারী শাহরুখকে সপাটে চড় মারেন। বলেন, এটা লোকাল ট্রেন‚ ফলে সিটটা সকলের। সেই চড়ের কথা আজও ভুলতে পারেননি শাহরুখ।
