'দুর্নীতি বন্ধ করে প্রকল্পের কাজ প্রযুক্তির মাধ্যমে দ্রুত করা সম্ভব'

আপডেট : ০২ মার্চ ২০১৬, ১৪:০৯
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 'দুর্নীতি বন্ধ করে প্রকল্পের কাজ প্রযুক্তির মাধ্যমে দ্রুত করা সম্ভব। বিশ্ব এগিয়ে যাচ্ছে, নতুন নতুন প্রযুক্তি আসছে। এসব প্রযুক্তি ব্যবহার করেই আমরা সব কাজকে সহজ করে নিতে পারি।' বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১২৫াট উপজেলায় আইসিটি প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করে এসব কথা বলেন তিনি।
 
প্রধানমন্ত্রী বলেন, ‘সমাজকে দুর্নীতিমুক্ত করা, উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন করা, নিরীক্ষা কার্যক্রম আরও ব্যাপকভাবে করা এবং উন্নয়নের গতিকে তরান্বিত করা- এই কাজগুলো খুব সহজ হয় শুধুমাত্র প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে।’
 
তিনি আরও বলেন, ‘যখন আমরা প্রথমে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব ঘোষণা দেই-অনেকে এটা নিয়ে ঠাট্টা তামাশাও করেছে। সে সময় নানা সমস্যা ছিল। বিদ্যুৎ, পানি, রাস্তা-ঘাট, অবকাঠামোর সমস্যা ছিল। কোথাও কেউ সমস্যায় পড়লে আমাদেরকে নিয়ে ঠাট্টা করতেন-এই তো ডিজিটাল হয়ে গেছে। কিন্তু আজকে প্রমাণ হয়েছে-বাংলাদেশ সত্যিই ডিজিটাল।’
 
বাংলাদেশ শিক্ষা তথ্য ব্যুরো ও পরিসংখ্যানের (বেনবেইস) উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন শিক্ষামন্ত্রণালয়ের সচিব সোহরাব হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ।