মুক্তির পরের সপ্তাহেও বক্স অফিসে জারি রয়েছে ‘নিরজা’র ঢেউ। সোনম কাপুর অভিনীত এই ছবি প্রথম সপ্তাহে ৫০ কোটি রুপির ব্যবসা করেছে বলে দাবি করেছেন বক্স অফিস বিশ্লেষক তরণ আদর্শ। সূত্র- ইন্ডিয়া ডটকম।
রাম মাধবানির পরিচালনায় এই ছবিতে নিরজা ভানুত নামে এক এয়ার হোস্টেসের সাহসীকতার গল্প তুলে আনা হয়েছে। ১৯৮৬ সালের ৫ সেপ্টেম্বর পাকিস্তানি জঙ্গিদের হাইজ্যাক করা বিমানে ৩৫৯ জন যাত্রীর প্রাণ বাঁচাতে প্রাণ দিয়েছিলেন নিরজা। তখন তার বয়স ছিল মাত্র ২৩।
দর্শক ও সমালোচকরা প্রায় প্রত্যেকেই প্রশংসা করেছেন এই ছবির। শুধু সোনম কাপুর নন, সিনেমায় এক জঙ্গির চরিত্রে প্রশংসা কুড়িয়েছে জিম সরবরাহের অভিনয়ও। নিরজার গল্পে মজেছে গোটা বলিউড। অনেকেই বলছেন, ২০১৬ সালের অন্যতম সেরা ফিল্ম ‘নিরজা’।
১৯ ফেব্রুয়ারি ভারতের মোট ৭০০ স্ক্রিনে মুক্তি পায় নিরজা। প্রথম দিনেই আয় করে ৫ কোটি রুপি। দর্শকদের প্রশংসা কুড়ানোর পর ক্রমশ বেড়েছে ছবির আয়। তবে ছবিটি ১০০ কোটি রুপির মাইলফলক ছুঁতে পারবে কি না তা এখনই বলা সম্ভব নয়।
