সাংবাদিক নেতা ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদকে রাজধানীর শাহবাগ থানার নাশকতার একটি মামলায় রিমান্ড আবেদন নাকচ করে কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।
ঢাকার মহানগর হাকিম এসএম মাসুদ জামান তার রিমান্ড ও জামিন চেয়ে করা দুটি আবেদন নাকচ করে বুধবার এ আদেশ দেন। এর আগে সকালে মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই সুব্রত গোলদার নাশকতা মামলার এই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড চেয়ে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আবেদন করেন।
অপরদিকে আসামিপক্ষের আইনজীবী ফরিদুল ইসলাম রিমান্ডের আবেদন নাকচ চেয়ে জামিনের আবেদন করেন।
এই দুটি আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়ার পাশাপাশি বিচারক মামলার তদন্ত কর্মকর্তাকে প্রয়োজনে দুই কার্যদিবসের মধ্যে জেল গেইটে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।
২০১৫ সালের ১৮ অগাস্ট রাজধানীর পান্থপথে সামারাই কনভেনশন সেন্টারের সামনে থেকে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি শওকত মাহমুদকে আটক করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল।
এরপর বিভিন্ন সময়ে অন্তত ১৫ মামলায় তাকে পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে বলে জানান তার আইনজীবী ফরিদুল ইসলাম।
