১/১১ সৃষ্টি যাদের জন্য, তাদের আগে বিচার করতে হবে : হাছান

আপডেট : ০২ মার্চ ২০১৬, ১৭:৩০
 
এক এগারো সৃষ্টি হয়েছে যাদের জন্য, তাদের আগে বিচার করতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা হাছান মাহমুদ। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘আমরা নগরবাসী’ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
 
তিনি বলেন, 'বেগম খালেদা জিয়ার জন্য ১/১১ সৃষ্টি হয়েছিল। যদি কুশীলবদের বিচার হয়, তবে যাদের জন্য ১/১১ সৃষ্টি হয়েছিল, তাদের বিচার আগে করতে হবে।'
 
ওয়ান-ইলেভেনের ষড়যন্ত্রের বিচারের উদ্যোগ কেন নিচ্ছেন না- প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে খালেদা জিয়ার করা এই প্রশ্নের প্রসঙ্গ তুলে একথা বলেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান।
 
২০০৭ সালের ১১ জানুয়ারি জারি করা জরুরি অবস্থার এক পর্যায়ে শেখ হাসিনার পাশাপাশি খালেদা জিয়াও কারাবন্দি হন। সেসময় ডিজিএফআইয়ের 'সরবরাহ করা' খবর যাচাই ছাড়া প্রকাশের 'ভুল' ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম স্বীকারের পর ওয়ান-ইলেভেন নিয়ে নতুন আলোচনার মধ্যে মঙ্গলবার নিজ কার্যালয়ে এক অনুষ্ঠানে ওই প্রশ্ন রাখেন খালেদা।
 
আলোচনা সভায় হাছান মাহমুদ আরও অভিযোগ করেন, বিএনপি চেয়ারপারসন ২০০৭ সালের পরও ওয়ান ইলেভেনের মতো ষড়যন্ত্র করেছেন। তিনি বলেন, 'শুধু ওই সময় নয়, খালেদা জিয়া ২০১৩, ২০১৪ এমনকি ২০১৫ সালেও ১/১১ এর মত ঘটনা সৃষ্টির চেষ্টা করেছিলেন। তিনি ব্যর্থ হয়েছেন, আর পারবেনও না।' বিডি নিউজ।