কিশোরীকে যৌনপেশায় বাধ্য করায় যাবজ্জীবন

আপডেট : ০২ মার্চ ২০১৬, ১৭:৩৮
১২ বছরের এক কিশোরীকে যৌনকর্মী হতে বাধ্য করায় ফরিদপুরের রথখোলা যৌনপল্লীর এক সর্দারনীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
 
বুধবার দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. বজলুর রহমান এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত জাহানারা ওরফে প্রিয়া সর্দারনী জামিনে কারাগার থেকে বেরিয়ে পলাতক রয়েছেন। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও দুবছর কারাদণ্ড দেয়া হয়েছে বলে জানিয়েছেন আদালতের পিপি মো. বাবু মোল্যা।
 
মামলার নথির বরাত দিয়ে পিপি জানান, ওই কিশোরী কাজের সন্ধানে বরিশাল থেকে ঢাকায় যায়। কাজ দেয়ার কথা বলে এক দালাল তাকে ফরিদপুর এনে জাহানার কাছে বিক্রি করে দেয়। ২০১২ সালের ২ জুন ফরিদপুর রথখোলা যৌনপল্লী থেকে ওই কিশোরীকে উদ্ধার করে পুলিশ। পর দিন সকালে জাহানারাকে আসামি করে মামলা করেন কোতোয়ালি থানার এসআই কাজল কুমার শর্মা। এরপর ১৮ মাস কারাগারে বন্দি থাকার পর জামিন নিয়ে পালিয়ে যান জাহানারা।