'গণতন্ত্রের ভিত মজবুত করতে যুব সমাজকে সচেতন ও আগ্রহী করতে হবে'

আপডেট : ০২ মার্চ ২০১৬, ১৮:১২
স্পিকার ও সিপিএ চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী গণতন্ত্র তথা সংসদীয় গণতন্ত্রের ভিত আরো মজবুত করতে যুব সমাজকে এ প্রক্রিয়া সম্পর্কে সচেতন ও আগ্রহী করে তুলতে কমনওয়েলথ পার্লামেন্ট এসোসিয়েশন ভূক্ত (সিপিএ) দেশ সমূহের প্রতি আহবান জানিয়েছেন।
 
বুধবার সংবিধান, সংসদ, গণতন্ত্র, রাষ্ট্র ও রাষ্ট্রীয় কাঠামো সম্পর্কে যুব ও তরুণ সমাজের মধ্যে সম্যক ধারনা সৃষ্টি, সচেতন ও আগ্রহী করে তুলতে সিপিএ রোড শো'র উদ্বোধন শেষে সংসদ মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে স্পিকার এ আহ্বান জানান।
 
সিপিএভুক্ত ৯টি আঞ্চলিক পর্যায়ের দেশসমূহের স্কুল ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের এই কার্যক্রমে সম্পৃক্ত করা হবে। তবে বাংলাদেশ থেকেই এর যাত্রা শুরু হয়েছে । পর্যায়ক্রমে কমনওয়েলথ ভুক্ত সব দেশে এই রোড শো কর্মসূচি পালিত হবে।
 
জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্পিকার ড. শিরীন শারমিন এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। রাজধানীর ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, সরকারি বিজ্ঞান কলেজ, বিএএফ শাহীন কলেজ, শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং শেরেবাংলা নগর বালক উচ্চ বিদ্যালয়ের ১৫০জন ছাত্র-ছাত্রীরা এ রোড শো'তে অংশ নেয়।
 
সিপিএ এ কর্মকান্ডের মাধ্যমে কমনওয়েলথভুক্ত দেশসমূহের সংসদ সদস্য ও তাদের সঙ্গে ব্যক্তিবর্গ সুশাসন প্রতিষ্ঠা ও কমনওয়েলথের বিকশিত মূল্যবোধ এগিয়ে নেয়ার মানদন্ড নির্ধারণে সহায়ক ভূমিকা পালন করে যাচ্ছে। জাতীয় ও প্রাদেশিক প্রায় ১৮০টি পার্লামেন্ট ও ১৭ হাজার আইন প্রণেতাদের আন্তর্জাতিক এ সংগঠনটি কমনওয়েলথের প্রতিশ্রুতিও গণতান্ত্রিক সরকার ব্যবস্থার সর্বোচ্চ মানদন্ড প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছে।