'আমরা দুজন খেলাতেই প্রতিদ্বন্দ্বী। এর চেয়ে বেশি কিছু নয়।'- আর্জেন্টিনার সংবাদপত্র এল গ্রাফিকোকে দেয়া এক সাক্ষাৎকারে ক্রিস্টিয়ানো রোনালদো প্রসঙ্গে এ কথা বলেন বার্সেলোনার তারকা মিডফিল্ডার লিওনেল মেসি।
বর্ষসেরার সবশেষ আটটি পুরস্কার ভাগাভাগি করে নিয়েছেন বর্তমান সময়ে সেরা এই দুই খেলোয়াড়। এর মধ্যে আর্জেন্টিনার তারকা মেসি জেতেন পাঁচ বার। অনেকেরই ধারণা, এই দুই তারকা একে অপরকে অপছন্দ করেন। তবে লিওনেল মেসি বললেন অন্য কথা। তিনি বলেন, আমরা পেশাদার, নিজেদের দলকে রক্ষা করি। আর আমরা দুজন খেলাতেই প্রতিদ্বন্দ্বী। এর চেয়ে বেশি কিছু নয়।
এল গ্রাফিকোকে মেসি আরো বলেন, 'কখনও কখনও এমন হয় যে, আমরা জিতি অথবা হারি। সব সময়ই সম্মানবোধ আছে, এর চেয়ে বেশি কিছু নয়।'
বার্সেলোনার হয়ে সাফল্যের ডালিটা বলতে গেলে কানায় কানায় পূর্ণ মেসির। কাতালান ক্লাবটির হয়ে চারটি চ্যাম্পিয়ন্স লিগ, সাতটি লা লিগা ও তিনটি কোপা দেল রে শিরোপা জেতেন তিনি। ক্লাবটির ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ডও মেসির দখলে।
জাতীয় দলের হয়ে এখনও কোনো শিরোপার স্বাদ পাননি মেসি। তবে আর্জেন্টিনাকে ২০১৪ বিশ্বকাপের ফাইনালে তুলেছিলেন তিনি। এ ছাড়া খেলেন ২০০৭ ও ২০১৫ সালের কোপা আমেরিকার ফাইনালে।
আর্জেন্টিনার হয়ে এখন পর্যন্ত ৪৯টি গোল করেছেন মেসি। তাকে হাতছানি দিচ্ছে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ৫৭ গোল করা গাব্রিয়েল বাতিস্তুতার রেকর্ড। কিন্তু তাতে মোটেও সন্তুষ্ট নন তিনি। রেকর্ডের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, 'আমি জাতীয় দলের হয়ে কিছু জিততে চাই। রেকর্ডে আগ্রহ নেই আমার। রেকর্ড রেকর্ডের জায়গায় থাকে, কিন্তু এটা আপনাকে শিরোপা জেতায় না।' বিডি নিউজ।
