নৌবাহিনীর ১১৯ সদস্যের কুয়েত গমন

আপডেট : ০২ মার্চ ২০১৬, ১৮:৩০
কুয়েত কোস্টগার্ডের অধীনে 'অপারেশন কুয়েত প্রকল্প-১১' এ অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর ১১৯ সদস্যের একটি দল সোমবার কুয়েতের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে। এই দলে নৌবাহিনীর বিভিন্ন কারিগরী শাখার ১১ জন জেসিও'স, পিও'স এবং ১০৮ জন নাবিক রয়েছে। এ প্রকল্পের আওতায় নৌ সদস্যগণ কুয়েতে চার বছর নিয়োজিত থাকবে।
 
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, এর আগে ২৮ ফেব্রুয়ারি কুয়েত গমনকারী নৌ সদস্যদের দলটি নৌবাহিনী প্রধানের সাথে নৌ সদর দপ্তরে কুশল বিনিময় করেন। এ সময় তিনি সততা, নিষ্ঠা এবং পেশাদারিত্বের সাথে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে আšন্তর্জাতিক পরিমন্ডলে দেশের ভাবমূর্তি উজ্জল করার আহ্বান জানান। 
 
উল্লেখ্য, কুয়েতের অভ্যন্তরীণ মন্ত্রনালয়ের অধীনে কুয়েত কোস্টগার্ডে দক্ষ কারিগরী শ্রমশক্তি নিয়োগ-২ এর আওতায় অপারেশন কুয়েত প্রকল্প-১১ এ নৌ সদস্যগণ দায়িত্ব পালন করবে। এদের মধ্যে মেরিন ইলেকট্রিশিয়ান, ডিজেল ইঞ্জিন মেকানিক অভারহলিং, ডক মাস্টার, অপারেটর জেনারেটর, মেরিন এয়ার কন্ডিশনিং এন্ড রেফ্রিজারেটর মেকানিক, ইলেকট্রিশিয়ান ক্যাবল, এসি এ্যাকুমুডেশন টেকনিশিয়ান, কমিউনিকেশন ইনটারকম টেকনিশিয়ান, মেরিন ডিজেল ইঞ্জিন মেকানিক পাম্প এন্ড ইনজেকটরসহ বিভিন্ন ট্রেডের নৌসদস্য রয়েছে।