লোহাগাড়ায় হাঙ্গরখালে নির্মিত হচ্ছে রাবার ড্যাম

আপডেট : ০২ মার্চ ২০১৬, ২০:২৩
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়ার হাঙ্গরখালে নির্মিত হচ্ছে রাবার ড্যাম। পদুয়ার ফরিয়াদিরকুলের জনুরমার ঘাটস্থ হাঙ্গরখালে এ বছরের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে রাবার ড্যামের নির্মাণ কাজ শুরু হয়। আগামী বছর শুষ্ক মৌসুমে এ রাবার ড্যামের পানি দিয়ে বোরো চাষসহ বিভিন্ন ধরণের অর্থকরী ফসল উৎপাদন করা যাবে বলে জানান সংশ্লিষ্টরা। ফলে ভাগ্য ফিরবে এলাকার বহু কৃষকের।
 
লোহাগাড়া উপজেলা প্রকৌশলী প্রতিপদ দেওয়ান জানান, ২৮ মিটার দৈর্ঘ্য ও সাড়ে ৩ মিটার উচ্চতা বিশিষ্ট রাবার ড্যাম প্রকল্পটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়ণে এডিবির প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে। হাঙ্গরখাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সদস্যদের আমানতের টাকায় রাবার ড্যাম প্রকল্পটি অনুমোদন পায় বলে তিনি জানান। পানি ব্যবস্থাপনা কমিটির সভাপতি সংশ্লিষ্ট এলাকার ইউপি সদস্য শহীদুল ইসলাম জানান, শুষ্ক মৌসুমে রাবার ড্যামে ধরে রাখা পানির মাধ্যমে ফরিয়াদিরকুল এলাকার ৯শ ৮০ হেক্টর জমিতে বোরোসহ বিভিন্ন শাক-সবজির উৎপাদন সম্ভব হবে। প্রত্যক্ষ-পরোক্ষভাবে উপকৃত হবে এলাকার প্রায় ২ হাজার ৫ শ ৭২ পরিবার।
 
স্থানীয় কৃষকরা জানান, রাবার ড্যামের ফলে তারা আর্থিকভাবে লাভবান হতে পারবেন। জমিতে তারা তিন ফসলি শস্য চাষাবাদ করতে পারবেন। উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, রাবার ড্যামটি এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখতে সক্ষম হবে।
 
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফিজনূর রহমান জানান, লোহাগাড়ায় ছোট-বড় ১৩ টি খাল রয়েছে। প্রত্যেক খাল সংস্কারের আওতায় এনে এলাকার আর্থ-সামাজিক উন্নয়ন ঘটানো সম্ভব। শুধু টংকাবতী, হাঙ্গর ও চাম্বি খালে রাবার ড্যাম নয়, অন্যান্য খালও অর্থনৈতিক সংস্কারের আওতায় আনার জন্য উদ্যোগ গ্রহণ করবেন বলে তিনি জানান।