'কোন ধরনের হয়রানি ছাড়াই স্বয়ংক্রিয় পদ্ধতিতে কর সংগ্রহে আগামী জুলাই মাসের মধ্যে নতুন মূল্য সংযোজন কর (মূসক) আইন হচ্ছে।' বুধবার ঢাকায় এনবিআর (জাতীয় রাজস্ব বোর্ড) এর এক সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান এই কথা বলেন।
গভর্নর এনবিআর আয়োজিত 'ই-পদ্ধতিতে মূসক পরিশোধ এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সাথে সমন্বয়' শীর্ষক সম্মেলনে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তিনি বলেন, 'জাতীয় রাজস্ব বোর্ড সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে মূসক সংগ্রহ ব্যবস্থা প্রচলনের উদ্দেশ্যে উদ্যোগ গ্রহণ করেছে যা অত্যন্ত প্রশংসনীয় এবং যুগোপযোগী পদক্ষেপ। এই ব্যবস্থায় সার্বিক মূল্য সংযোজন কর ব্যবস্থাপনা স্বয়ংক্রিয় পদ্ধতিতে সম্পন্ন হবে এবং ব্যাংকিং চ্যানেলের অত্যাধুনিক ইলেকট্রনিকস পেমেন্ট সিস্টেম ব্যবহার করে সহজেই করদাতাগণ মূসক পরিশোধ করতে পারবেন।'
আতিউর রহমান বলেন, কেন্দ্রিয় ব্যাংকের পক্ষ থেকে এ ধরনের যে কোন উদ্যোগকে আমরা পূর্ণ সমর্থন যোগাবো এবং প্রয়োজনীয় সকল সহযোগিতা প্রদান করা হবে। বাণিজ্যিক ব্যাংকগুলোকে এই উদ্যোগ বাস্তবায়নের জন্য সবধরনের সহায়তা দেবার নির্দেশনা প্রদানের কথা উল্লেখ করেন তিনি।
সরকারি হিসাব নিয়ন্ত্রক কার্যালয়,জাতীয় রাজস্ব বোর্ড, অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক একযোগে একে অপরের সহযোগীতায় যে কোন উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে জনসাধারণকে নিরাপদ সেবায় প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে সর্বোত্তম মানে উন্নীত করতে পারবে বলে তিনি মনে করেন।
