পানের বরজে আগুন, স্বপ্ন পুড়ে ছাই

আপডেট : ১৪ মার্চ ২০১৯, ২৩:৩৯

বগুড়ার শেরপুরের মহিপুর বালাপাড়া এলাকায় পূর্ব শক্রতার জের ধরে বৃহস্পতিবার দুপুরে দুর্বৃত্তরা পানের বরজে আগুন লাগিয়ে দেয়। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে পানের বরজের মালিক শরিফ উদ্দিন জানিয়েছেন।

জানা যায়, উপজেলার গাড়িদহ মডেল ইউনিয়নের মহিপুর বালাপাড়া গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে শরিফ উদ্দিন প্রায় ২ বছর আগে ১৬ শতাংশ জমির উপরে পানের বরজ তৈরী করে। পানপাতা বাজারে বিক্রি করার উপযোগী হওয়ায় প্রতিদিন গড়ে ১২ থেকে ১৫ হাজার টাকার পান বিক্রি করে আসছে। এভাবেই একই বরজ থেকে আগামী ২০ বছর পর্যন্ত পান বিক্রি করবে এবং ওই বরজ থেকে প্রায় ৫০ লক্ষ টাকার পান বিক্রয় করে স্বাবলম্বী হওয়ার সোনালী স্বপ্ন দেখছিল। 

কিন্তু বিধি বাম কে বা কাহারা পূর্ব শত্রুতার জের ধরে গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে শরিফ উদ্দিনের ওই পানের বরজে সকলের অগোচরে আগুন লাগিয়ে দেয়। আগুনে পুড়ে পানের বরজটি শুধুই ছাইয়ে পরিণত হয়েছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে এবং কাউকে চিহ্নিত করতে পারছেনা বলে জানিয়েছেন মালিক। এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর বলেন, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/আরকেজি