বাংলাদেশের বিভিন্ন ধরনের উন্নয়নে রাশিয়া সহযোগিতা করতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির বিদায়ী রাষ্ট্রদূত আলেকজান্দার এ নিকোলায়েভ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে দেখা করতে এসে এ কথা বলেন তিনি।
নিকোলায়েভ তার চার বছর দায়িত্বপালনের সময় বাংলাদেশ-রাশিয়া সম্পর্ক এগিয়েছে উল্লেখ করে বলেন, ‘২০১৩ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রীর রাশিয়া সফর দুদেশের সস্পর্কে নতুন মাত্রা যোগ করেছে।’
বাংলাদেশ-রাশিয়ার সম্পর্ক ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন রাষ্ট্রদুত। এ সময় তিনি পারস্পরিক সাংস্কৃতিক সহযোগিতা আরো বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বাণিজ্য, অর্থনীতি, বৈজ্ঞানিক ও কারিগরি সহযোগিতার বিষয়ে প্রস্তাবিত আন্ত-সরকার কমিশনের উপরও গুরুত্বারোপ করেন।
সাক্ষাতে প্রধানমন্ত্রী বাংলাদেশের মুক্তিযুদ্ধে রাশিয়ার ভূমিকার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। যুদ্ধ-বিধ্বস্ত বাংলাদেশ গঠনে রাশিয়ার ভূমিকা বিশেষ করে চট্টগ্রাম বন্দরকে মাইনমুক্ত করার কথাও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ উল্লেখ করেন তিনি। এ সহযোগিতার জন্য রাশিয়ার জনগণের প্রতি বাংলাদেশের জনগণের শ্রদ্ধার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধে যারা আমাদের পাশে ছিলেন তাদের সবসময় আমরা স্মরণ করি।
রাষ্ট্রদূতের মাধ্যমে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে শুভেচ্ছা জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী।
