গ্রামীণফোনের বিল-পে সেবা এখন খুলনা ও বরিশালে

আপডেট : ০৩ মার্চ ২০১৬, ১৬:১৬
 
এখন থেকে খুলনা ও বরিশাল বিভাগের গ্রামীণফোন গ্রাহকরা 'বিল-পে'এর মাধ্যমে সহজেই বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। এ বিষয়ে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডব্লিউজেডপিডিসিএল)- এর সাথে চুক্তি স্বাক্ষর করেছে গ্রামীণফোন।
 
চুক্তির অধীনে খুলনা ও বরিশালের ২১টি জেলা ও ২০টি উপজেলায় ডব্লিউজেডপিডিসিএল- এর প্রায় ১০ লাখ গৃহস্থালি গ্রাহকের কাছে বিল-পে সেবা পৌঁছে দিবে গ্রামীণফোন। বিপিডিবি চট্টগ্রামের পর বিল-পে সেবার অধীনে এটাই সবচেয়ে বড় এলাকা।  
 
ডব্লিউজেডপিডিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. শফিক উদ্দীন ও গ্রামীণফোনের প্রধান আর্থিক কর্মকর্তা দিলীপ পালের উপস্থিতিতে চুক্তিতে স্বাক্ষর করেন গ্রামীণফোনের হেড অব ফ্যাইন্যান্সিয়াল সার্ভিসেস এরওয়ান জ্য আলেক্সান্ডার গেলবার্ট ও ডব্লিউজেডপিডিসিএল-এর কোম্পানি সেক্রেটারি আব্দুল মোতালেব। 
 
বর্তমানে, গ্রামীণফোন এ সেবার মাধ্যমে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড, তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড, বখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এবং চিটাগাং ওয়াটার সাপ্লাই ও সুয়ারেজ অথোরিটি-এর গ্রাহকদের জন্য ইউটিলিটি বিল পরিশোধ সেবা দিচ্ছে।