'শেখ হাসিনা বিশ্ব মানবতার নেত্রী'

আপডেট : ০৩ মার্চ ২০১৬, ১৮:৩১
'এরশাদ ও খালেদা জিয়া যেখানে মানবতাকে বিপন্ন করেছেন, শেখ হাসিনা সেখানে বিশ্ব মানবতার পাশে দাঁড়িয়েছেন। শেখ হাসিনা শুধু ১৬ কোটি বাঙালির নন। তিনি বিশ্ব মানবতার নেত্রী। বিশ্ব মানবতা আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতাবাদী নেত্রী হিসেবে গ্রহণ করেছে।' বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা শহীদ মিনার চত্ত্বরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এই কথা বলেছেন। 
 
গাইবান্ধা শহর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথীর বক্তব্যে তিনি আরো বলেন, 'জিয়া-এরশাদ-খালেদা জিয়া দেশের মানুষের ভোটাধিকার হরণ করেছিল, শেখ হাসিনা দেশের জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিয়েছেন। জিয়া-এরশাদ সংবিধানকে কলঙ্কিত করেছিল, শেখ হাসিনা সংবিধানকে রক্ষা করেছেন।'
 
দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে খালিদ মাহমুদ বলেন, 'আগামী দিনের বাংলাদেশের উন্নয়ন, সমৃদ্ধি ও দেশের ইতিহাস রক্ষার জন্য শেখ হাসিনার নেতৃত্বের কোন বিকল্প নেই। এ লক্ষ্যে আওয়ামী লীগকে সংগঠিত করতে হবে এবং শক্তিশালী করতে হবে। যেন কোন ধরণের অপশক্তি ষড়যন্ত্র করে বাংলাদেশকে পিছনের দিকে ঠেলে দিতে না পারে।'
 
আওয়ামী লীগের এ নেতা বলেন, 'জামায়াত-বিএনপি ইসলামের নাম করে সন্ত্রাস নৈরাজ্য চালাচ্ছে তার বিরুদ্ধে লড়াই করছেন শেখ হাসিনা। জামায়াত বিএনপি ইসলামকে ধ্বংস করতে চাচ্ছে আর শেখ হাসিনা তাদের হাত থেকে ইসলামকে রক্ষা করতে চাচ্ছেন। শেখ হাসিনা মধ্যপ্রাচ্যের দুর্দশাগ্রস্ত মুসলমানদের পাশে দাঁড়িয়েছেন। ফিলিস্তিনের মুসলমানদের যখন হত্যা করা হচ্ছিল তখন শেখ হাসিনা মানবতাকে রক্ষার কথা বলেছিলেন।'