'উন্নয়নের লক্ষ্যে রাজনৈতিক সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে একযোগে কাজ করুন'

আপডেট : ০৩ মার্চ ২০১৬, ১৯:১৯
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন কাঙ্খিত জাতীয় উন্নয়ন অর্জনের লক্ষ্যে রাজনৈতিক সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে সবাইকে একযোগে কাজ কাজ করার আহবান জানিয়েছেন।
 
তিনি বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের ৩১তম বার্ষিক সাধারন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
 
'সমবায় হলো অর্থনৈতিক উন্নয়নের চাবিকাঠি এবং সার্বিক উন্নয়নেরও অন্যতম চালিকাশক্তি' এ কথা উল্লেখ করে এলজিআরডি মন্ত্রী বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়নে সমবায়ের অবদান অনস্বীকার্য।
 
বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের সভাপতি সংসদ সদস্য ইসরাফিল আলমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমবায় অধিদপ্তরের মহাপরিচালক মো. মফিজুল ইসলাম।
 
খন্দকার মোশাররফ বলেন, 'সমবায়ের ইতিহাস অনেক পুরোনো। তাই সমবায়ের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে না পারার পেছনে ব্যক্তিগত দুর্বলতা থাকতে পারে কিন্তু সমবায়ের ব্যর্থতা নেই।'
 
এ দেশের অর্থনীতিকে গতিশীল করতে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে উল্লেখ করে তিনি বলেন, 'বর্তমানে সমবায়ের আওতায় যে সম্পদগুলো রয়েছে তার সুষ্ঠু ও সমন্বিত ব্যবহার নিশ্চিত করতে পারলে ২০২১ সালের আগেই দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে।'
 
খন্দকার মোশাররফ হোসেন বলেন, দেশে ৪০ হাজারের বেশি ‘একটি বাড়ি একটি খামার প্রকল্প’ রয়েছে। এসব প্রকল্প’কে পর্যায়ক্রমে রেজিস্ট্রেশনের মাধ্যমে সমবায় সমিতিতে রূপান্তরিত করা হবে।