বাগেরহাটে ভোট ছাড়াই ৭৪ জনপ্রতিনিধি

আপডেট : ০৩ মার্চ ২০১৬, ২১:২১
বাগেরহাটে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে ৭৪ জন জনপ্রতিনিধি ভোট ছাড়াই নির্বাচিত হয়েছেন।
 
জেলার ৯টি উপজেলার ৭৪টি ইউনিয়নের মধ্যে ৩৪ জন চেয়ারম্যানের পাশাপাশি সাধারণ সদস্য পদে ৩৩ জন ও সংরক্ষিত সদস্য পদে সাতজন নারী ভোট ছাড়াই নির্বাচিত হয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩৪ জন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সাধারণ সদস্য ও নারী সদস্যরা সবাই আওয়ামী লীগের নেতা-নেত্রী। ভোট ছাড়াই বাগেরহাট সদর উপজেলায় ১৫ জন ইউপি সদস্য ও চারজন সংরক্ষিত নারী সদস্য, রামপালে দুজন সদস্য ও একজন সংরক্ষিত নারী সদস্য, চিতলমারীতে দুজন সদস্য ও একজন সংরক্ষিত নারী সদস্য, ফকিরহাটে একজন সদস্য ও একজন সংরক্ষিত নারী সদস্য, মংলায় দুজন, মোল্লাহাটে দুজন, কচুয়ায় দুজন, মোড়েলগঞ্জে সাধারণ সদস্য পদে ছয়জন ও শরণখোলা উপজেলায় একজন সাধারণ সদস্য পদে নির্বাচিত হয়েছেন।
 
বাগেরহাট জেলা নির্বাচন অফিস এ তথ্য নিশ্চিত করেছে।