দক্ষতা না বাড়ালে পরিকল্পনায় কাজ হবে না: পরিকল্পনামন্ত্রী

আপডেট : ০৩ মার্চ ২০১৬, ২২:৩৫
দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, জনগণকে দক্ষ করে গড়ে তুলতে না পারলে উন্নয়নের কোনো পরিকল্পনা কাজে আসবে না।
 
আর এজন্যই দক্ষ মানবসম্পদের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, সরকার হাজারো পরিকল্পনা করতে পারে। কিন্তু তা বাস্তবায়ন করতে হবে মানুষকে। দেশের মানুষকে বহুমুখী জ্ঞান সম্পন্ন ও দক্ষ করে গড়ে তুলতে না পারলে কোনও পরিকল্পনায় কাজে আসবে না।
 
রাজধানীর আগারগাঁওয়ে পিকেএসএফ মিলনায়তনে বৃহস্পতিবার ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফিন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (আইএনএম) দ্বিতীয় ডিপ্লোমা সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পরিকল্পনামন্ত্রী।
 
সবার অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিশ্চিত করেই সরকার দেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে চায় বলে মন্তব্য করেন তিনি।
 
গ্রামের মানুষদের কর্মক্ষম করে গড়ে তোলার লক্ষ্যে সরকার গত দুই বছরে ১৯টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে বলে জানান মন্ত্রী। সরকারের গৃহীত নানা রকম অর্থনৈতিক কর্মকাণ্ডের কারণে দেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। এমনকি গত বছর সারা বিশ্বে যেখানে ১৪ ভাগ প্রবৃদ্ধি কমে গেছে, সেখানে চলতি অর্থবছরে বাংলাদেশ ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করবে।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পিকেএসএফ চেয়ারম্যান ড. খলীকুজ্জমান আহমদ বলেন, বর্তমান সরকার ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে তার সঙ্গে বৈষম্য কমানোর উদ্যোগ নিতে হবে।
 
দেশে দারিদ্র্য বিমোচনে এখন আর ক্ষুদ্র ঋণের ওপর গুরুত্ব দেয়া হচ্ছে না জানিয়ে পিকেএসএফ প্রধান বলেন, এখন তারা উপযু্ক্ত ঋণকেই বেশি গুরুত্ব দিচ্ছে। উপযুক্ত ঋণ ক্যাটাগরিতে একজন মানুষকে ২০ লাখ টাকা পর্যন্ত তার প্রয়োজন অনুযায়ী ঋণ দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ নেয়া হয়েছে।