ভাষাসৈনিক, মুক্তিযোদ্ধা ও ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ সমাজে নিগৃহীত, অবহেলিত বা নির্যাতিত নারী ও শিশুদের খুঁজে বের করে আইনী সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি শুক্রবার ঈশ্বরদীর বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট অডিটোরিয়ামে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা আয়োজিত সরকারি আইন সহায়তা কার্যক্রম সম্পর্কিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।
ভূমিমন্ত্রী বলেন, 'অসহায়, দুস্থ ও অবহেলিত মানুষের জন্য আইনী সহায়তা প্রদান নিশ্চিত করার জন্য ২০০০ সালে গঠন করা হয় জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা। গ্রামে-গঞ্জে ভিজিএফ এর চাল না পেলে যাদের বাড়িতে রান্না হয় না, যারা নিজের পরিবারের সদস্যদের কাছ থেকে নিগৃহীত বা অবহেলিত তাদের জন্যই এই লিগ্যাল এইড। লিগ্যাল এইডের কাজকে আরও উৎসাহিত করার জন্য আইনগত সহায়তা কেন্দ্র থেকে সনদ প্রদানের ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রী সংশ্লিষ্টদের পরামর্শ দেন।'
১৯৯৬ সালে বাংলাদেশের নতুন অগ্রযাত্রা শুরু হয়। একটি দেশের উন্নতি হতে হলে সেই দেশের প্রত্যেকের জন্য মৌলিক অধিকার নিশ্চিত করা দরকার বলে মন্ত্রী মনে করেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব এদেশের প্রতিটি মানুষের মৌলিক অধিকার- অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা নিশ্চিত করে সোনার বাংলা গড়তে চেয়েছিলেন বক্তৃতায় এই কথা উল্লেখ করেন।
