বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী শুক্রবার ভারতের লোকসভার স্পিকার সুমিত্রা মহাজনের সঙ্গে তার লোকসভা কার্যালয়ে সাক্ষাৎ করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
দুদিন ব্যাপী অনুষ্ঠিতব্য ভারতের মহিলা আইন প্রনেতাদের জাতীয় সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে বৃহস্পতিবার ঢাকা ত্যাগ করেন ড. শিরীন শারমিন। তিনি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করবেন এবং একটি প্লেনারী সেশনে চেয়ারপার্সনের দায়িত্ব পালন করবেন।
সাক্ষাৎকালে তারা ভারতীয় মহিলা আইন প্রনেতাদের জাতীয় সম্মেলন, সিপিএ ইয়ুথ রোড শো, বাংলাদেশে আসন্ন সিপিএ সম্মেলন, সম্প্রতি অনুষ্ঠিত দক্ষিন এশিয় স্পিকার্স সম্মেলন, ভারত বাংলাদেশের মধ্যে বাস্তবায়িত স্থল সীমান্ত চুক্তি সম্পাদনে ভারতের লোকসভা ও রাজ্যসভার ভূমিকা, সুশাসন প্রতিষ্ঠাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
এ সময়ে বাংলাদেশের স্পিকার বলেন, 'ভারতের উভয় কক্ষের মহিলা সংসদ সদস্যদের জাতীয় সম্মেলনের আয়োজন একটি অনন্য উদ্যোগ। এ সম্মেলনের মাধ্যমে ভারতের মহিলা আইন প্রণেতাগণ সুশাসন প্রতিষ্ঠা, দেশের উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে আরও অবদান রাখতে সক্ষম হবেন।'
স্পিকার সুমিত্রা মহাজন বলেন, 'সিপিএ ইয়ুথ রোড শো সংসদীয় গণতন্ত্রকে সমুন্নত করতে বিশেষ ভুমিকা রাখবে। ভারতের পার্লামেন্টের প্রতিনিধি ও গণমাধ্যমের কর্মিরা ইতোমধ্যে এবিষয়ে কাজ শুরু করেছে।'
