স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, 'দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও পৌরসভা মেয়র নির্বাচন তৃণমূল পর্যায়ে নেতৃত্বের বিকাশ ও গণতান্ত্রিক চর্চা শুধু বেগবানই করবে না সেই সঙ্গে গণতন্ত্রের শেকড় আরো গভীরে যাবে।'
শুক্রবার বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের উদ্যোগে ৩১তম বার্ষিক সাধারণ সভা উপলক্ষে 'টেকসই উন্নয়ন নিশ্চিতকল্পে দ্বি-স্তরবিশিষ্ট কৃষক সমবায় সমিতি সমূহের ভূমিকা' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই কথা বলেন।
ফেডারেশনের সভাপতি মো. ইসরাফিল আলম এমপি'র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব এম এ কাদের সরকার, সমবায় অধিদপ্তরের মহাপরিচালক মফিজুল ইসলাম, বিআরডিবি'র মহাপরিচালক আব্দুল কাইয়ুমসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত রূপকল্প ২০২১ অনুযায়ী দারিদ্র্যের হার শূন্যের কোঠায় নামিয়ে আনাসহ দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। এ অঙ্গীকারের আলোকে মানবসম্পদ ও স্থানীয় সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে প্রতিটি বাড়িকে অর্থনৈতিক কর্মকান্ডের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তুলতে 'একটি বাড়ি একটি খামার' প্রকল্প এবং দারিদ্র্য বিমোচনে বিআরডিবি'র অধীন বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে।
এর আগে মন্ত্রী বিআরডিবি'র সমবায়ীদের মধ্যে ভর্তুকির ৪র্থ কিস্তির ৩৭ কোটি টাকার চেক বিতরণ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সমবায়ী কৃষকদের ভর্তুকি বাবদ ৪২৫ কোটি টাকার কৃষি ঋণের সুদ মওকুফ বাবদ এ অর্থ প্রদান করছেন। অনুষ্ঠানে দেশের সকল উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
