হুয়াওয়ে, বিকাশমান স্মার্টফোন বাজারের বহুল জনপ্রিয় এক ব্র্যান্ড। প্রতিষ্ঠানটি ধীরে ধীরে বাজারের শীর্ষস্থানীয় ফোন কোম্পানির তালিকায় নিজের জায়গাটা করে নিয়েছে। অন্যান্য স্মার্টফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠানের তুলনায় প্রায় অর্ধেক দামের ডিভাইসে প্রিমিয়াম লেভেলের কনফিগারেশন দিয়েই এটা সম্ভব করেছে চীনা এই প্রতিষ্ঠান।
‘হুয়াওয়ে পি৯’ নামের একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজারে আনতে যাচ্ছে হুয়াওয়ে। ডিভাইসটি নিয়ে বেশ কিছু দিন ধরে প্রযুক্তিবিশ্বে মাতামাতি চলছে। শোনা যাচ্ছে, ৯ মার্চ ডিভাইসটি উন্মোচন করবে হুয়াওয়ে। ওই দিন জার্মানির বার্লিনে এক ইভেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। সূত্র- জিএসএম এরেনা।
৯ মার্চের ইভেন্টের ঘোষণা দিয়ে পি৯ স্মার্টফোনটির ফ্রন্ট ও ব্যাক প্যানেলের ছবি অনলাইনে প্রকাশ করা হয়েছে হুয়াওয়ের অফিশিয়াল ওয়েবসাইটে।
পি৯ নিয়ে মাতামাতি শুরু হওয়ার পর বেশ কয়েক দফা এর কনফিগারেশনের তথ্য ফাঁস করার দাবি তোলা হয়। ওই সব দাবি মতে, এতে ৫.২ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে থাকবে। ডিসপ্লে রেজ্যুলেশন হবে ৪২৩ পিক্সেল পার ডেনসিটি (পিপিআই)। র্যাম ৪ জিবি থাকতে পারে, আবার ৬ জিবিও থাকতে পারে।
অ্যান্ড্রয়েড মার্শম্যালো চালিত এই ফোনে হুয়াওয়ের নিজস্ব চিপসেট কিরিন ৯৫৫ এসওসি ব্যবহার করা হবে। অক্টা কোর প্রসেসরের সাথে ফোনটিতে থাকবে ৬৪ জিবি বিল্ট ইন মেমোরি।
পি৯ এর ১৬ মেগা পিক্সেল রিয়ার এবং সেলফিপ্রেমীদের জন্য ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হবে। ফোনটিতে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
ফোনটির ব্যাটারিতে থাকছে ২৯০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ার।
ফোনটি হতে পারে মেটাল বডির এবং এতে থাকবে বাঁকানো ডিসপ্লে। সাদা, পিঙ্ক, গ্রে এবং সোনালী এই চারটি রঙে মোবাইলটি পাওয়া যাবে।
