নেপাল ও বাংলাদেশ সরকারের মধ্যে সংবাদ ও তথ্য আদান প্রদানের বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। শনিবার নেপালে সফররত তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে নেপালের তথ্য ও যোগাযোগ মন্ত্রী শ্রেধান রাইয়ের সঙ্গে বৈঠকে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
এই চুক্তির ভিত্তিতে দুই দেশের সরকারি গণমাধ্যমগুলো তথ্য আদান প্রদানের পাশাপাশি সহযোগিতার ভিত্তিতে কাজ করবে। নেপালের রাষ্ট্রীয় সমাচার সমিতি , রেডিও নেপাল ও নেপাল টেলিভিশনের সঙ্গে বাংলাদেশের বাসস, বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের মধ্যে ভবিষ্যতে সংবাদ আদান প্রদানের বিষয়ে দুই দেশের তথ্যমন্ত্রীর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী নেপাল ও বাংলাদেশের তথ্যমন্ত্রী প্রথম ধাপে আরএসএস ও বিএসএসকে এই চুক্তি বাস্তবায়নে সহযোগিতার নির্দেশ প্রদান করবে। দ্বিতীয় ধাপে রাষ্ট্রীয় রেডিও এবং টেলিভিশনকে এই চুক্তি বাস্তবায়নে সম্পৃক্ত করা হবে।
নেপালের তথ্যমন্ত্রী শ্রেধান রাই বলেন, তার সরকার বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট ও বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগিতায় তাদের ইন্সটিটিউট অব মাস কমিউনিকেশন শক্তিশালী করার চেষ্টা করবে। তিনি আরো উল্লেখ করেন, প্রতিবছর ২৭ হাজার বাংলাদেশি পর্যটক নেপালে আসেন এবং ২ হাজার নেপালি ছাত্র বাংলাদেশে পড়তে যান।
তথ্যমন্ত্রী ইনু বলেন, নেপালের সঙ্গে ক্রমাগত সম্পর্কোন্নয়নে বাংলাদেশ ইচ্ছুক। এছাড়া তিনি নেপালের তথ্যমন্ত্রীকে তার সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। বৈঠকে নেপালের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস ও দূতাবাসের জেষ্ঠ্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
