কতিপয় অপরাধী পছন্দের ডিভাইস হিসেবে বেছে নেয় প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের নতুন আইফোন। আইফোনে শক্তিশালী এনক্রিপশন থাকার কারণেই মূলত তারা অ্যাপল পণ্য বেছে নেয়। মার্কিন যুক্তরাষ্ট্রের তিনটি আইন প্রয়োগকারী সংস্থার পক্ষ থেকে এ তথ্য দেয়া হয়েছে। সূত্র- রয়টার্স।
এনক্রিপশন ও প্রাইভেসি নিয়ে মার্কিন আদালতের সঙ্গে লড়াই চলছে অ্যাপলের। যুক্তরাষ্ট্র সরকারের পক্ষে যুক্তি উপস্থাপনের অংশ হিসেবে আইন প্রয়োগকারী তিন সংস্থা এই তথ্য জানিয়েছে।
গত বছরের শেষ দিকে যুক্তরাষ্ট্রের সান বার্নাডিনোয় এক হলিডে পার্টিতে সন্ত্রাসী হামলায় ১৪ জন নিহত হয়। ওই ঘটনায় সৈয়দ রিজোয়ান ফারুক নামে এক ব্যক্তি এবং তার স্ত্রীর সংশ্লিষ্টতা পাওয়া যায়। সুষ্ঠু তদন্তের স্বার্থে অভিযুক্তের ব্যবহৃত আইফোন আনলকের প্রয়োজন পড়ে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের।
ক্যালিফোর্নিয়ার ফেডারেল আদালত অ্যাপলকে আইফোনের এনক্রিপশন কোড ভেঙে সংস্থাটিকে প্রয়োজনীয় সহায়তার নির্দেশ দেন। ঘটনার সূত্রপাত এখান থেকেই। বিষয়টি ঘিরে পক্ষে-বিপক্ষে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
অ্যাপল সাফ জানিয়ে দেয়, আইফোন আনলক করে দেয়াটা তাদের নীতির পরিপন্থী।
এর পরিপ্রেক্ষিতে মাস খানেক আগে ক্যালিফোর্নিয়ার এক জজ অ্যাপলকে আইফোন আনলকের ব্যাপারে মার্কিন সরকারকে সাহায্য করার আদেশ দেন। এতে নিউইয়র্কের ব্রুকলিনের ফেডারেল আদালতের দ্বারস্থ হয় অ্যাপল।
সপ্তাহ খানেক আগে ব্রুকলিনের ফেডারেল জজ এক রুলে জানান, আইফোন আনলকের ব্যাপারে অ্যাপলকে বাধ্য করা যাবে না।
