মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার খলসী গ্রামের অপহৃত শিশু ওয়াসিম শেখকে (৭) সাভার বাসস্ট্যান্ড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের তিন দিন পর শুক্রবার দিবাগত রাতে সাভার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
এ সময় প্রতিবেশী দুদু মিয়ার ছেলে সোহেল রানাকে (২২) গ্রেফতার করা হয়েছে। ওয়াসিম ওই এলাকার রিপন শেখের ছেলে।
এ ঘটনায় সোহলের বড় ভাই মিঠু হোসেন (২৬), কুমিরা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে আমিনুল ইসলাম ঠান্ডুসহ (৩০) অজ্ঞানামা আরো ৩-৪ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন শিশুটির বাবা।
পুলিশ ও স্বজনরা জানায়, গত মঙ্গলবার দুপুর ১টার দিকে নিজ বাড়ি থেকে অপহরণের শিকার হয় ওয়াসিম। বিভিন্ন স্থানে নিয়ে তাকে আটকে রাখে অপহরণকারীরা। এরপর অপহরণকারীরা শিশুটির মুক্তিপণ হিসেবে মোবাইল ফোনে স্বজনদের কাছে দুই লাখ টাকা দাবি করে। এ ঘটনায় শিশুটির বাবা দৌলতপুর থানায় লিখিত অভিযোগ করেন। পুলিশ মোবাইল ট্যাকিংয়ের মাধ্যমে শিশুটিকে উদ্ধারে অভিযান চালায়।
শুক্রবার দিবাগত রাত ১টার দিকে পুলিশ সাভার বাসস্ট্যান্ড এলাকা থেকে শিশুটিকে উদ্ধার ও একই সঙ্গে সোহেলকে গ্রেফতার করে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত জানান, শিশুটিকে আদালতের মাধ্যমে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। বাকি আসামিদের গ্রেফতারের অভিযান চালানো হচ্ছে।
