নিউইয়র্কে দীর্ঘদিন ধরেই বাংলা গানের সাথে সম্পৃক্ত আছেন একাধিক শিল্পী-কলাকুশলী। নিয়মিত আয়োজনে তারা যেমন ঢাকা থেকে জনপ্রিয় তারকাদের নিয়ে গ্রীষ্মকালীন উত্সবের আয়োজন করেন, ঠিক তেমনি অন্য সকল মৌসুমেই শিল্পীরা একত্রিত হয়ে নানান ধরনের উত্সব মূখর কনসার্টে অংশ নেন। এরই ভেতরে নিউইয়র্ক প্রবাসী বাঙালী শিল্পীদের একটি সংগঠনও প্রতিষ্ঠা হয়েছে। নিয়মিত সেই সাংগঠনিক তত্পরতাও চলছে তাদের।
আগামী ৬ মার্চ নিউইয়র্কের কুইন্সে এশিয়া কাপ ফাইনালের উত্সবের আনন্দের সন্ধ্যায় নিউইয়র্কের জনপ্রিয় তারকাদের এক মঞ্চে এক ভিন্নধারার কনসার্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই কনসার্টের মূল আকর্ষণ হিসেবে রয়েছেন বাংলা আধুনিক গানের জনপ্রিয় কণ্ঠশিল্পী ‘সখীরে’ খ্যাত তানভীর শাহিন। এছাড়াও রয়েছেন আরো দুই জনপ্রিয় শিল্পী শামীম সিদ্দিকী ও কামরুজ্জামান বকুল। ‘নাইট অব ব্রাদার্স’ নামের এই অনুষ্ঠানের আয়োজক মূলত মাটি ব্যান্ড।
IMG0
অনুষ্ঠান প্রসঙ্গে কণ্ঠশিল্পী তানভীর শাহিন বলেন, ‘নিউইয়র্কে এখন অগনিত সংস্কৃমনা মানুষের বসবাস। তাদের কিছুটা গানের সন্ধ্যা উপহার দিতেই এই ধরনের আয়োজন। এছাড়া নিজেদের ভেতরেও একটা গেট টুগেদার হয় এ ধরনের আয়োজনে।’
অনুষ্ঠানে অতিথি শিল্পী হিসেবে থাকছেন কণ্ঠশিল্পী লাবনী।
আয়োজন প্রসঙ্গে কণ্ঠশিল্পী কামরুজ্জামান বকুল বলেন, ‘এই অনুষ্ঠানকে বলবো আমি উত্তর আমেরিকার অন্যতম উত্সবের রাত। আমরা সবাই এই সুদূর আমেরিকায় বসে এদিন সন্ধ্যায় এশিয়া কাপ জয়ী বাংলাদেশী হয়ে সেলিব্রেট করতে চাই।’
