‘নিজের হাতে রান্না করে খাওয়াবো বলে...’

আপডেট : ০৫ মার্চ ২০১৬, ১৯:৩৬
 
তারকারা সাধারণত বিশেষ কোনো উপলক্ষ এলেই বিনোদন সাংবাদিকদের সাথে আড্ডায় বসেন বা আলাদা করে নৈশভোজের আয়োজন করেন। তবে এদেশের প্রখ্যাত অভিনয়শিল্পী তমালিকা কর্মকার স্রেফ ভালোলাগা থেকে এক সন্ধ্যা নিজ বাসায় দাওয়াত করে খাওয়ালেন একঝাঁক বিনোদন সাংবাদিকদের। তমালিকা কর্মকার গত ৩ মার্চ সন্ধ্যার পর রাজধানীর মগবাজারের গ্রীনওয়ে রোডে তার নিজের বাসায় সাংবাদিকদের নিয়ে এক ঘরোয়া আড্ডায় মেতে উঠেন।
 
তমালিকা কর্মকারের আহ্বানে সাড়া দিয়ে যারা তার নিমন্ত্রণে তারসঙ্গে সময় কাটিয়েছেন তারা হলেন রিমন মাহফুজ, অভি মঈনুদ্দীন, শাহ আলম সাজু, খালেদ আহমেদ, নিথর মাহবুব, রকিব হোসেন, এফ আই দীপু, মরিয়ম সেঁজুতি, রেজাউর রহমান রিজভী, আলমগীর কবির, এমদাদুল হক মিল্টন, নাজির হোসেন, মারুফ কিবরিয়া এবং ফটোগ্রাফার আবু সুফিয়ান, দীপু খান। আড্ডার শুরুতেই তমালিকা বলেছিলেন একটি বিশেষ কারণে তিনি এই আড্ডার আয়োজন করেছিলেন। কিন্তু শেষতক সবাই উপস্থিত হবার পর তিনি বলেন,‘ আমার দীর্ঘদিনের ইচ্ছে ছিলো একদিন একবেলা আমার সাংবাদিক ভাই বোনদের সঙ্গে বসে আড্ডা দিবো, গল্প করবো আর আমি নিজের হাতে রান্না করে খাওয়াবো। এর বাইরে বিশেষ কোন কারণেই আজকের আড্ডা নয়। আপনারা যার যার মতো সময় করে আমার আহ্বানে সাড়া দিয়েছেন। তাতে আমি মুগ্ধ, আনন্দিত। আশাকরি অতীতের মতো ভবিষ্যতেও আপনারা আমার সুখে দুঃখে পাশে থাকবেন। ভবিষ্যতে হয়তো আরো বড় পরিসরে এমন আয়োজন হবে।’
IMG0
বিনোদন সাংবাদিকদের আড্ডায় সেদিন তমালিকার বাসা মুখরিত হয়ে উঠে। সবাই তমালিকার এমন ঘরোয়া আড্ডায় মুগ্ধ হন। ‘কীত্তনখোলা’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমালিকা কর্মকার ছোটবেলা থেকেই নাচ, গান, আবৃত্তি এবং অভিনয়ে পারদর্শী। কিন্তু নিজেকে একজন অভিনেত্রী হিসেবেই গড়ে তুলেন তিনি। একজন নায়িকা হয়ে টিভিতে তার অভিনীত প্রথম নাটক ১৯৮৬ সালে আলাউদ্দিন আহমেদ প্রযোজিত ‘হার না মানা হার’।
 
তবে টিভিতে ছোটবেলায় তিনি প্রথম অভিনয় করেন নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু প্রযোজিত ‘আলোর দীপ প্রহর’ নাটকে। ১৯৯২ সাল থেকে তমালিকা নাট্যদল ‘আরন্যক’র সাথে সম্পৃক্ত। এই দলের হয়ে প্রথম তিনি অভিনয় করেন মামুনুর রশীদের রচনায় ও আজিজুল হাকিমের নির্দেশনায় ‘পাথর’ নাটকে। সর্বশেষ তিনি মামুনুর রশীদের রচনায় ফয়েজ জহিরের নির্দেশনায় ‘ভঙ্গবঙ্গ’ নাটকে অভিনয় করেন।