মুক্তিযুদ্ধ বিষয়ক সচিব আব্দুল হান্নান ভুয়া মুক্তিযোদ্ধাদের সনাক্ত করার আহ্বান জানিয়েছেন। তিনি শনিবার সকালে ঢাকার নবাবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নবনির্মিত ভবন পরিদর্শনকালে মুক্তিযোদ্ধাদের প্রতি এ আহ্বান জানান।
এই সময় মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, 'মুক্তিযোদ্ধারা এদেশের বীর সন্তান। তারা এদেশের গর্ব। ইতিহাসের বীর সন্তান মুক্তিযোদ্ধাদের উন্নয়নে সরকারের ব্যাপক পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে মুক্তিযোদ্ধা ভাতা ৩ হাজার টাকা থেকে ৮ হাজার টাকা করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদের্শে এবছরের মধ্যেই ১০ হাজার টাকা করা হবে।'
তিনি আরও বলেন, 'মুক্তিযোদ্ধা পরিবারের জন্য আবাসনের ব্যবস্থাও প্রক্রিয়াধীন রয়েছে। সম্প্রতি সম্মাননা পেয়েছেন দেশের ৪১ জন বীরাঙ্গনা। ভুয়া মুক্তিযোদ্ধাদের সনাক্ত করতে পারেন একমাত্র আসল মুক্তিযোদ্ধারাই।'
