খুলনায় চিকিৎসকদের ধর্মঘট ৪ দিনের জন্য স্থগিত

আপডেট : ০৬ মার্চ ২০১৬, ১২:১৯
 
স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে চারদিনের জন্য ধর্মঘট স্থগিত করেছেন খুলনার চিকিৎসকরা।রবিবার বেলা সাড়ে ১১টার দিকে ধর্মঘট স্থগিত করা হয়। 
 
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) খুলনা জেলা সভাপতি ও কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. বাহারুল আলম বলেন, স্থানীয় এমপি ও প্রশাসন দোষীদের গ্রেফতারের আশ্বাস দিয়েছে। এজন্য চারদিনের জন্য ধর্মঘট স্থগিত করা হয়েছে। এর মধ্যে দোষীদের গ্রেফতার করা না হলে আবারো ধর্মঘটের ডাক দেয়া হবে। 
 
গত ২৯ ফেব্রুয়ারি তেরখাদা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক আবদুল্লাহেল মামুনকে ঘুষি মারেন স্থানীয় চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি এফ এম অহিদুজ্জামান। এতে ঐ চিকিৎসকের তিনটি দাঁত ভেঙে যায়। অভিযুক্ত ঐ চেয়ারম্যানকে গ্রেফতারের দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছেন চিকিৎসকরা ।