বিএনপির কাউন্সিল একটা তামাশা: ওবায়দুল কাদের

আপডেট : ০৬ মার্চ ২০১৬, ১৫:৩২
 
অভ্যন্তরীণ গণতন্ত্রের নামে বিএনপির কাউন্সিল একটা তামাশা বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রবিবার বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক বর্ধিত সভায় তিনি মন্তব্য করেন।
 
ওবায়দুল কাদের বলেন, বিএনপির কাউন্সিলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারপারসন ও সিনিয়র ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। এই দুই পদে অন্য কাউকে মনোনয়নপত্র জমা না দিতে গোপনে বলা হয়েছে। কাজেই বিএনপি কাউন্সিল নিয়ে রঙ-তামাশা করছে।
 
তিনি বলেন, বিএনপির কাউন্সিল হচ্ছে নির্বাচনের নামে একটা তামাশা। আমাদের সেই কাউন্সিল হবে না। আমাদের প্রকাশ্যে শেখ হাসিনার নাম প্রস্তাব হয়, সমর্থন হয়। কেউ যদি সেখানে প্রার্থী হতে চান, কোনো বাধা নেই। আমাদের সভাপতি-সাধারণ সম্পাদক পদে প্রকাশ্যেই নির্বাচন হবে। কাউন্সিল ছাড়া আমাদের কেন্দ্রীয় কমিটি পরিবর্তন করা যায় না। কিন্তু বিএনপির কেন্দ্রীয় কমিটি যখন-তখন পরিবর্তন করা যায়, যাকে-তাকে নেতা বানানো যায়।
 
আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপি এখন কথায় কথায় সকল দোষ আওয়ামী লীগকে দেয়। তারা আন্দোলনে ব্যর্থ, দায়ী কে? আওয়ামী লীগ। নির্বাচনে তারা আসেনি, দায়ী কে? আওয়ামী লীগ। পৌরসভা নির্বাচনে হেরেছে, দায়ী কে? আওয়ামী লীগ। ফখরুল ইসলামের ভাই নির্বাচনে জিতেছে, দায়ী কে? আওয়ামী লীগ। ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি প্রার্থী খুঁজে পায় না, দায়ী কে? আওয়ামী লীগ।
 
তিনি বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে দেশে-বিদেশে অপ-প্রচার চলছে। শেখ হাসিনার নেতৃত্বে এই অপ-প্রচারকে প্রতিহত করতে হবে। নতুন ষড়যন্ত্র করছে, সরকার পরিবর্তন করার চক্রান্ত করছে। আমি স্পষ্ট একটা কথা বলতে চাই, সরকার পরিবর্তনের জন্য বিএনপিকে আরেকটা নির্বাচনের জন্য অপেক্ষা করতে হবে।-বাসস।