বাংলাদেশে বিশ্বব্যাংকের নতুন কান্ট্রি ডিরেক্টর নিযুক্ত হয়েছেন কিমিআও ফান। সোমবার থেকে একইসঙ্গে তিনি বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন। রবিবার বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
চীনা বংশোদ্ভূত ফান ১৯৯১ সাল হতে বিশ্বব্যাংকের সঙ্গে যুক্ত রয়েছেন। পূর্বে তিনি বেলারুশ, মালদোভা এবং ইউক্রেনের কান্ট্রি ডিরেক্টরের দায়িত্ব পালন করেন। ১৯৯৮ থেকে ২০০২ সাল মেয়াদে তিনি চীনের বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। ইউনিভার্সিটি অব বার্মিংহাম হতে পিএইচডি করা ফান বিশ্ব ব্যাংকের ইনভেস্টমেন্ট ক্লাইমেট পোগ্রামে কাজ করেন।
বাংলাদেশে নিযুক্ত হওয়ার বিষয়ে তিনি উল্লেখ করেন, সম্প্রতি বছরগুলোয় বাংলাদেশ উল্লেখযোগ্য উন্নতি করেছে। ২০২১ সালের ভেতর মধ্য আয়ের মর্যাদার দেশ হতে বাংলাদেশ সরকার ও সাধারণ মানুষের সঙ্গে তিনি কাজ করে যাবেন বলে উল্লেখ করেন। একইসঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা, রাজস্ব আদায় জোরদার, জ্বালানি ও অবকাঠামো ঘাটতি মোকাবেলা, আর্থিক খাতের ও বহির্বাণিজ্য সংস্কার, শ্রম দক্ষতার উন্নয়ন, অর্থনৈতিক সুশাসন, নগর ব্যবস্থাপনাসহ জলবায়ু পরিবর্তন অভিযোজনে সরকারের সঙ্গে কাজ এগিয়ে নিয়ে যাওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
