‘ভারতে আত্মীয়রা ছাড়া সবাই আমাকে মেনে নিয়েছে’

আপডেট : ০৭ মার্চ ২০১৬, ১৩:৩৪
সাবেক পর্ন তারকা সানি লিওন বর্তমানে পিতৃপুরুষের ভূমি ভারতের সিনেমা ইন্ডাস্ট্রিতে স্থায়ী হয়েছেন। কিন্তু পুরো ভারত তাকে মেনে নিলেও তার রক্ত সম্পর্কের আত্মীয়রা তাকে কোনোদিন একটা ফোনও করেনি বলে খেদ প্রকাশ করেছেন সানি। 
 
‘কারানজিত কোর ভোহরা’ যাকে আমরা সানি লিওন বলে চিনি, তিনি আসলে ভারতীয় বংশোদ্ভুত কানাডিয়ান। তার বাবা-মা দুইজনেই ভারতীয়। ২০১১ সালে বিগ বস জেতার পরে সানি বলিউডে থিতু হয়েছেন। কিন্তু গত পাঁচ বছরে তার রক্তের সম্পর্কের কোনো আত্মীয় তার সঙ্গে যোগাযোগ করেনি। বিশ্ব নারী দিবসকে সামনে রেখে টাইমস অব ইন্ডিয়ার নেয়া এক বিশেষ সাক্ষাতকারে সেই দুঃখ প্রকাশ করে সানি বলেন, আমার আত্মীয়রা আমার সঙ্গে কথা বলে না। তারা আমাকে পছন্দ করে না এবং এটা অনেক কষ্টের। আমি তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু আমাকে তারা মেনে নিতে অপারগ। আমার রক্তের সম্পর্কের পরিবার ছাড়া পুরো ভারত আমাকে মেনে নিয়েছে। 
 
সানি লিওন আরো যোগ করেন, আমি জানি আমার আসল পরিবার হচ্ছে স্বামী, ভাই, স্বামীর পরিবার এবং বন্ধুরা। আমার ভালো এবং খারাপ সময়ে তারাই আমার পাশে থাকে। তারা আমার রক্তের সম্পর্কের পরিবারের মতো না যারা কখনো একটি ফোনও করেনি। তাই যারা আমার ‘আমি’ হওয়া নিয়ে কোনো সমস্যা বোধ করেনি তাদের নিয়ে সুখেই আছি।  টাইমস অব ইন্ডিয়া।