এবারে ‘বৃহন্নলা’ বিতর্কে নির্মাতাকে তথ্য মন্ত্রণালয়ের শোকজ

আপডেট : ০৭ মার্চ ২০১৬, ১৬:২০
এবারে গল্প চুরির বিতর্কে ‘বৃহন্নলা’ ছবির পরিচালক মুরাদ পারভেজকে শোকজ নোটিশ পাঠিয়েছে তথ্য মন্ত্রণালয়। ২০১৪ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে চলচ্চিত্রটি শ্রেষ্ঠ ছবির পাশাপাশি সেরা সংলাপ রচয়িতা হিসেবেও নির্বাচিত হয়েছিলেন মুরাদ পারভেজ।
 
দেশীয় কমার্শিয়াল চলচ্চিত্র নিয়ে নকলের অভিযোগ প্রকট ছিল এতদিন। এবার খোদ জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষিত চলচ্চিত্র নিয়ে গান-গল্প চুরির অভিযোগে এই তর্ক প্রকট হয়ে উঠেছে শোবিজে। মুরাদ পারভেজের এহেন কাণ্ডে চলচ্চিত্র সংশ্লিষ্ট শিল্পীরাই লজ্জায় পড়েছেন। অন্যদিকে বেশ কিছু মিডিয়ায় মুরাদ পারভেজের ‘বৃহন্নলা’- বিতর্কে আত্মপক্ষ সমর্থনে তিনি তার এই নকলের অভিযোগ স্বীকার করেননি কোথাও। কিন্তু চলচ্চিত্র বোদ্ধাদের একাধিক প্রমাণ ও বিশ্লেষণে একাধিক গণমাধ্যম গান ও গল্পের এই চুরির বিষয়টি ক্রমশই স্পষ্ট করছে!
 
উল্লেখ্য, সৈয়দ মুস্তাফা সিরাজের গল্প ‘গাছটি বলেছিল’ অবলম্বনে ছবিটি নির্মিত হলেও নির্মাতা নিজের নামেই সব ক্রেডিট নিয়েছেন। এ নিয়ে চলচ্চিত্রমহল থেকে শুরু করে মিডিয়াতে সবাই সোচ্চার হলে বিষয়টি এবারে গড়িয়েছে তথ্য মন্ত্রণালয় অব্দি। তাই তথ্য মন্ত্রণালয়ের এই প্রাসঙ্গিক উদ্যোগকে তাই সাধুবাদ জানিয়েছেন অনেকেই।
 
মূলত জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে না পেতেই এ ধরণের অভিযোগ ওঠে। এমনকি ভারতীয় মিডিয়াতেও এই চুরি নিয়ে লেখালেখি হয়। এ বিষয়ে তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সার্বিক) ও ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বরত মাহবুবুল আলম একাধিক গণমাধ্যমকে জানিয়েছেন, ‘চলচ্চিত্রটির বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সে বিষয়টা জানতেই আমরা শোকজ নোটিশ পাঠিয়েছি। যদি কোন ত্রুটি পাওয়া যায় তাহলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।’
 
সার্বিক বিষয় নিয়ে নির্মাতা মুরাদ পারভেজের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। পরবর্তীতে মুরাদ পারভেজের সহকারীকে ফোন করলে তিনিও বিষয়টি জানেন না বলে জানান। তিনি মুরাদ পারভেজের সাথে আলাপ করে জানাতে পারবেন বলে জানান প্রতিবেদককে। অন্যদিকে মুরাদ পারভেজের ফেসবুক আপডেট হিসেবেও সর্বশেষ ১৫ ফেব্রুয়ারির পর আর কোনো আপডেট দেখা গেল না। এমনকি চলচ্চিত্র নিয়ে সাম্প্রতিক বিতর্ক নিয়েও কোনো লেখা তিনি পোস্ট করেননি।