এমপি বাহাউদ্দিনের বিরুদ্ধে দুর্নীতি মামলা চলবে

আপডেট : ০৭ মার্চ ২০১৬, ১৪:৫৪
 
আওয়ামী লীগের সংসদ সদস্য  আ ফ ম বাহাউদ্দিন নাছিমের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা অবৈধ সম্পদ অর্জনের মামলা চলবে। মামলা বাতিল করে হাইকোর্টের দেয়া রায় সোমবার খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
 
বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ এই রায় দেয়।
 
হাইকোর্টের রায় বাতিল হওয়ায় নাছিরে বিরুদ্ধে দুর্নীতির মামলার বিচার কাজ চলতে আইনগত আর কোনো বাধা থাকল না বলে জানয়েছেন দুদক কৌসুলি অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব।
 
জানা গেছে, ১ কোটি ৮৩ লাখ ১ হাজার ৬৪৬ টাকা জ্ঞাত আয় বহিভূর্ত সম্পদ অর্জন এবং ১৭ লাখ ৫৯ হাজার ৭৮ টাকার সম্পদ গোপনের অভিযোগে সেনা সমর্থিত তত্ত্ববধায়ক সরকারের আমলে রাজধানীর রমনা থানায় বাহাউদ্দিন ও তার স্ত্রী ডাক্তার সুলতানা শামীমা চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতি মামলা দায়ের করে দুদক। এই মামলায় বৈধতা চ্যালেঞ্জ করে পলাতক থাকা অবস্থায় ২০০৮ সালে হাইকোর্টে রিট দায়ের করেন বাহাউদ্দিন।
 
ঐ রিট আবেদনের চূড়ান্ত শুনানি নিয়ে ২০১১ সালের ১৩ এপ্রিল বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীর নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ মামলাটি বাতিল করে রায় দেয়। এই রায়ের বিরুদ্ধে ২০১২ সালে ৪  মার্চ আপিল দায়ের করে দুদক। আজ ঐ আপিলের শুনানি শেষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল করে দেয়।