হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৫০

আপডেট : ০৭ মার্চ ২০১৬, ১৬:৪১
হবিগঞ্জ সদর উপজেলার সুলতানশী গ্রামে রাস্তা দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন।
 
সোমবার সকাল ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ২০ জনকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
 
পুলিশ ও এলাকাবাসী জানায়, সুলতানশী গ্রামে একটি রাস্তা নিয়ে মৃত তালিব হোসেনের ছেলে আলতাব আলীর সঙ্গে একই গ্রামের দুলাল মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে সোমবার সকালে উভয়পক্ষের লোকজনের মাঝে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
 
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজিম উদ্দিন জানান, পরিস্থিতি শান্ত রয়েছে। তবে ফের সংঘর্ষের আশঙ্কায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।