রাসিকের বরখাস্তকৃত মেয়র বুলবুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আপডেট : ০৭ মার্চ ২০১৬, ১৮:৪৮
সরকারি কাজে বাঁধা দেয়ার অভিযোগের মামলায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাময়িক বরখাস্তকৃত বিএনপির মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
 
সোমবার দুপুরে রাজশাহী চিফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান এই নির্দেশ দেন। এদিন একই আদালতে একই মামলায় মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলনসহ ২২ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জ গঠন করা হয়।
 
আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ২২ এপ্রিল সরকারবিরোধী আন্দোলন চলাকালে মহানগরীতে পুলিশের কাজে বাঁধা দেয়ার অভিযোগে বোয়ালিয়া মডেল থানায় পুলিশ বাদী হয়ে মামলা করে। ওই মামলায় সোমবার রাজশাহী সিটি করপোরেশনের সাময়িক বরখাস্তকৃত মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন, সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদাসহ ২২ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে চার্জ গঠন করেন রাজশাহী মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মিজানুর রহমান। আসামিদের মধ্যে রাসিকের সাসপেন্ড মেয়র বুলবুলসহ পলাতক ৫ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন বিচারক।