‘বাংলাদেশের সঙ্গে বাণিজ্যের বিরাট সম্ভাবনা আছে’

আপডেট : ০৭ মার্চ ২০১৬, ১৯:১৭
লাতিন আমেরিকার সাত দেশের রাষ্ট্রদূতরা বলেছেন, বাংলাদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্যের বিপুল সম্ভাবনা রয়েছে। লাতিন আমেরিকার দেশগুলো বাংলাদেশ থেকে ভৌগোলিকভাবে দূরে এবং স্প্যানিশ ভাষা ব্যবহার করলেও এখনকার দিনে ব্যবসা-বাণিজ্যের জন্য এটা বড় কোনো বাধা নয়। রাষ্ট্রদূতরা বাংলাদেশে একটি ‘লাতিন হাউস’ খোলার আগ্রহ ব্যক্ত করেছেন। এই হাউস থেকে লাতিন আমেরিকার সঙ্গে ব্যবসা-বাণিজ্য এবং সংস্কৃতি সম্পর্কিত তথ্য আদান-প্রদান করা হবে। 
 
লাতিন আমেরিকার ব্রাজিল, মেক্সিকো, ভেনিজুয়েলা, কলম্বিয়া, ইকুয়েডর, পেরু ও ডমিনিকান রিপাবলিকের রাষ্ট্রদূতরা রবিবার ‘বাংলাদেশ ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ’ (বিআইআইএসএস) মিলনায়তনে এক সাংবাদিক সম্মেলনে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যের এই সম্ভাবনার কথা তুলে ধরেন। 
 
এসব দেশের মধ্যে ব্রাজিল ও ম্যাক্সিকো ছাড়া কোনো দেশেরই ঢাকায় দূতাবাস নেই। ফলে ব্রাজিল ছাড়া এসব রাষ্ট্রদূত ভারতে তাদের দেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বাংলাদেশে অনাবাসিক রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে তারা বাংলাদেশ সফর করছেন। 
 
সাংবাদিক সম্মেলনে ব্রাজিলের রাষ্ট্রদূত ভাঞ্জা কাম্পুস দা নব্রেগা বলেন, বাংলাদেশের সঙ্গে ব্রাজিলসহ লাতিন আমেরিকার দেশগুলোর ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রেও সহযোগিতা হতে পারে। ব্রাজিল থেকে ফুটবল কোচ ও খেলোয়াড় দিয়ে বাংলাদেশে সহযোগিতা করা হয়েছে। ব্রাজিলে ফুটবলের যে কোনো বিষয়ে বাংলাদেশিদের প্রশিক্ষণে স্বাগত জানানো হবে।
 
ইকুয়েডরের রাষ্ট্রদূত মেন্টর ভিলাগোমেজ বলেন, অনাবাসিক রাষ্ট্রদূতের পক্ষে দ্বিপক্ষীয় সম্পর্কের সব কিছু দেখাশোনা করা সম্ভব নয়। এ জন্য আবাসিক দূতাবাস চালু করা দরকার। রাজনৈতিক সদিচ্ছা না থাকলে আবাসিক দূতাবাস চালু করা সম্ভব নয়। 
 
ভেনিজুয়েলার রাষ্ট্রদূত অগাস্টো মন্টিয়েল বলেন, ভেনিজুয়েলার সাবেক প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ ২০০১ সালে ও ২০০৫ সালে দুই দফায় বাংলাদেশ সফর করেছেন। ভেনিজুয়েলার বর্তমান প্রেসিডেন্ট মাদুরোর নিকট-ভবিষ্যতে ভারত সফরের সম্ভাবনা রয়েছে। তখন মাদুরো বাংলাদেশ সফরে আসার জন্য তিনি তার সরকারের কাছে প্রস্তাব করবেন।