প্রধান বিচারপতি ও বিচারাধীন মামলার বিষয়ে সরকারের দুই মন্ত্রীর তির্যক মন্তব্যে দেশের সর্বোচ্চ আদালতের বিচারকরা স্তম্ভিব বলে মন্তব্য করেছে আপিল বিভাগ।
মঙ্গলবার খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে তলবের আদেশকালে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের নয় বিচারপতির বেঞ্চ এই মন্তব্য করেন।
প্রধান বিচারপতি এস কে সিনহা বলেছেন, সম্প্রতি গণমাধ্যমে প্রচারিত ও প্রকাশিত কিছু খবর আমাদের নজরে এসেছে, যা দেশের সর্বোচ্চ আদালতের প্রতি অশোভনীয় ও অবমাননাকর। এতে সর্বোচ্চ আদালতের বিচারকরা স্তম্ভিত। এটি বিচার বিভাগের স্বধীনতার উপর নগ্ন হস্তক্ষেপ বলে মনে করে আপিল বিভাগ।
আপিল বিভাগ বলেছে, তাদের বক্তব্য অবমাননাকর। একই সঙ্গে এটি সুপ্রিম কোর্ট ও প্রধান বিচারপতির কর্তৃত্বকে ক্ষুণ্ন করার প্রচেষ্টা।
আগামী ১৫ মার্চ আদালতে হাজির হয়ে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে তাদের বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিতে আদেশ দিয়েছে আপিল বিভাগ।
