রিভিউ না করলে নিয়ম অনুযায়ী রায় কার্যকর: আইনমন্ত্রী

আপডেট : ০৮ মার্চ ২০১৬, ১৩:১৪
 
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা মীর কাসেম আলী রিভিউ না করলে নিয়ম অনুযায়ী রায় কার্যকর করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। মঙ্গলবার দুপুর ১২টায় সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন।
 
আনিসুল হক বলেন, আইন অনুযায়ী আসামিপক্ষ এই রায়ের বিরুদ্ধে রিভিউ করার জন্য ১৫ দিন সময় পাবে। রিভিউ আবেদন করলে সেটার বিপক্ষে আইনিভাবে লড়বে রাষ্ট্রপক্ষ। আর তা না করা হলে নিয়ম অনুযায়ী রায় কার্যকরের পদক্ষেপ নেয়া হবে।
 
তিনি বলেন, বরাবরের মতো এই রায়টিতেও আমরা সন্তুষ্ট। সরকার যুদ্ধাপরাধের বিচারে দৃঢ়প্রতিজ্ঞ। আমরা এই বিচার করে যাচ্ছি এবং কাঙ্ক্ষিত ফল পাচ্ছি।
 
এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আমরা আদালতের স্বাধীনতায় বিশ্বাসী। আদালতের কার্যক্রমে সরকার কখনোই চাপ সৃষ্টি করে না। মন্ত্রীরা যে বক্তব্য দিয়েছেন, সেটা তাদের নিজস্ব বক্তব্য।