চার রঙে বাজার মাতাবে এইচটিসি ১০

আপডেট : ০৮ মার্চ ২০১৬, ১৩:২৭
এইচটিসি’র আসন্ন ফ্ল্যাগশিপ স্মার্টফোনের উন্মোচনের দিন-তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে এরই মধ্যে ডিভাইসটির টিজার ইমেজ ও টিজার ভিডিও দেখার সুযোগ হয়েছে গ্রাহকদের।
 
এবার ডিভাইসটির আরও কিছু ছবি ফাঁস হয়েছে অনলাইনে। ফাঁস হওয়া ছবি মতে, সাদা, কালো, সোনালী এবং সাদাকালো –এই চার রঙে বাজারে আসবে ফ্ল্যাগশিপ ডিভাইসটি।
 
স্মার্টফোনটি বাজারে আসবে এইচটিসি ১০ নামে। এতোদিন পর্যন্ত সকলে এর নাম এইচটিসি ওয়ান এম১০ হবে বলেই জেনে এসেছেন।
 
এইচটিসি’র আগের ফ্ল্যাগশিপ ফোনটির নাম ছিল ওয়ান এম৯। তার আগেরটির নাম ছিল ওয়ান (এম৮)। সে কারণে যে ফোনটি আসছে তার নাম ওয়ান এম১০ হবে বলেই ধরে নিয়েছিলেন প্রযুক্তিবিশ্বের সবাই।
 
ফাঁস হওয়া তথ্যমতে, এইচটিসি ১০ -এ থাকবে ৫.১ ইঞ্চি আকারের কোয়াডএইচডি অ্যামোলেড টাচস্ক্রিন, কোয়ালকম স্নাপড্রাগন ৮২০ চিপসেট, ৪ গিগাবাইট র‌্যাম এবং ১৬/৩২/৬৪ গিগাবাইট আভ্যন্তরীণ সংরক্ষণ ক্ষমতা, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং উন্নত ক্যামেরা। ধারণা করা হচ্ছে, এটি চালাবে অ্যান্ড্রয়েড ৬.০.১ মার্শম্যালোতে।
 
নতুন এই স্মার্টফোন চলতি বছরের এপ্রিলের মাঝামাঝিতে বাজারে আসার সম্ভাবনা রয়েছে।
 
স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে গ্যালাক্সি এস৭ ও এলজি জি৫ ফোন সবার নজর কাড়ে। এই ফোন দুটির সঙ্গে প্রতিযোগিতা করতেই সময় নিয়ে, কঠোর পরিশ্রম করে নতুন ফোন তৈরি করেছেন এইচটিসির কর্মকর্তারা, প্রযুক্তিবিশ্বে এমন কথা চাউর হয়েছে।