ডব্লিউইপিতে স্বাক্ষরকারীদের তালিকায় বিক্রয় ডট কম

আপডেট : ০৮ মার্চ ২০১৬, ১৩:৫৫
বাংলাদেশের অনলাইন মার্কেটপ্লেস বিক্রয় ডট কম জাতিসংঘের নারীর ক্ষমতায়ন নীতিমালায় (ডব্লিউইপি) স্বাক্ষরকারী আন্তর্জাতিক তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। অনলাইন কোম্পানিগুলোর ‘হি ফর শি’ আন্দোলনকে বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে জেন্ডার ইকুয়ালিটির জন্য জাতিসংঘ ‘নারী-প্রবর্তিত সংহতি’ ক্যাম্পেইন শুরু করে। 
 
ইউএন ওমেন এবং ইউএন গ্লোবাল কমপ্যাক্ট-এর সহযোগিতায় ২০১০ সালের মার্চ থেকে ‘নারীর ক্ষমতায়ন নীতিমালা’ কাজ শুরু করে, যাতে করে বিভিন্ন প্রেক্ষিতে উদীয়মান বেসরকারি খাত, সুশীল সমাজ এবং সরকার এ নীতিমালা মেনে চলতে পারে। এ নীতিমালা বিভিন্ন কর্মস্থল, মার্কেটপ্লেস এবং কমিউনিটিতে ব্যবসায়িক নির্দেশিকা হিসেবে প্রস্তাব করা হয়েছে। অন্যান্য আন্তর্জাতিক সংগঠন যেমন, আইএফসি, বিএনপি পরিবাস, সিমেনটিক এবং ভ্যারিতাসের মতোই বিক্রয় ডট কমও  জাতিসংঘের নারীর ক্ষমতায়নের নীতিমালা ক্যাম্পেইনে যুক্ত হলো।
 
এই ক্যাম্পেইনের সঙ্গে যুক্ত হওয়ার পর বিক্রয় ডট কম নারী কর্মীর সংখ্যা ২৬ শতাংশ থেকে ৩৩ শতাংশ বৃদ্ধি করে পুরুষ-নারী কর্মীর অনুপাত ৬০:৪০ নিশ্চিত করার মাধ্যমে ‘হি ফর সি’ প্রতিশ্রুতি প্রায় পুরণ করেছে। ক্যাম্পেইনের অন্য লক্ষ্যগুলো যেমন; নারী কর্মীদের জন্য পরিবহন সুবিধা এবং জেন্ডার সংবেদনশীলতার প্রশিক্ষণ ইতোমধ্যেই বাস্তবায়ন করেছে। ইউএন ওমেন-এর সঙ্গে যুক্ত হয়ে বিক্রয় ডট কম-এর কর্মস্থলের বৈচিত্র্য এবং কর্মদক্ষতা বৃদ্ধি পেয়েছে।  
 
বিক্রয় ডট কম-এর মানবসম্পদ ব্যবস্থাপক (এইচআর) রেহেনুমা ইসলাম বলেন, আমি আশা করি যে, বাংলাদেশের অন্য প্রতিষ্ঠানগুলোও আমাদের এ উদ্যোগ থেকে অনুপ্রাণিত হবে এবং জেন্ডার ইকুয়ালিটি আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। ইউএন ওমেন এর কান্ট্রি রিপ্রেজেনটেটিভ ক্রিস্টিন হান্টার বলেন,  এটা জেনে আমরা আনন্দিত হয়েছি যে, বিক্রয় ডট কম নারীর ক্ষমতায়ন নীতিমালার ধারাগুলো সচেতনভাবে বাস্তবায়নের চেষ্টা করছে। একটি দেশের সার্বিক টেকসই উন্নয়ন এবং মানবাধিকারের জন্য আন্তর্জাতিকভাবে যে লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে তা অর্জন করে নারী-পুরুষ, পরিবার-সমাজ এবং ব্যবসায়িক উৎকর্ষতা প্রতিষ্ঠা করতে সক্ষম হব।