চোরাগুপ্তা পদ্ধতিতে বিএনপির নেতা নির্বাচন: হাছান মাহমুদ

আপডেট : ০৮ মার্চ ২০১৬, ১৫:৫২
 
জ্বালাও-পোড়াও ও চোরাগুপ্তা হামলা করে আন্দোলনে ব্যর্থ হয়ে এখন নেতা নির্বাচনেও বিএনপি চোরাগুপ্তা পদ্ধতি গ্রহণ করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
 
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে যুদ্ধাপরাধীদের বিচারের রায় দ্রুত কার্যকর করার দাবিতে আয়োজিত সমাবেশ ও মানবন্ধনে তিনি এই মন্তব্য করেন।
 
হাছান মাহমুদ বলেন, আওয়ামী লীগসহ অন্যান্য দলে যখন কাউন্সিল হয় তখন নির্বাচনের আগে কেউ নির্বাচিত হয় না, নির্বাচন করার পর তারা নির্বাচিত হয়। কিন্তু খালেদা জিয়া ও তারেক রহমান কাউন্সিলের দুই সপ্তাহ আগেই নির্বাচিত হয়েছেন। সম্মেলন হয়নি, ডেলিগেটরা আসেননি, নেতাকর্মীরা আসেননি, তার আগেই তারা নির্বাচিত হয়েছেন। খালেদা জিয়া নেতাকর্মীদের ক্ষোভের মুখে পড়তে পারেন এমন আশঙ্কায় তড়িঘড়ি করে তাদের নির্বাচিত করা হয়েছে।
 
তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের মতো এদেশে যুদ্ধাপরাধীদের সহযোগী যারা যুদ্ধাপরাধীদের আশ্রয় দিয়েছে, মন্ত্রী বানিয়েছে তাদেরও বিচার হবে এমনটাই জনগণের প্রত্যাশা।
 
যুদ্ধাপরাধীদের ফাঁসির রায়ে বিএনপির কোন প্রতিক্রিয়া না দেয়া প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, আসলে যুদ্ধাপরাধীদের রায় প্রকাশের পরে বিএনপি প্রচন্ড হতাশায় ভোগে। তাই তারা কোন মন্তব্য করে না।
 
সমাবেশ অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন সাজাহান সাজু, এম এ করিম, ফজলুল হক ও শাহাদাত হোসেন টয়েল প্রমুখ।