নারী নেত্রী হিসেবে দেশের জন্য কিছু করার জন্যই রাজনীতিতে আসবো : পিয়া

আপডেট : ০৮ মার্চ ২০১৬, ১৭:৫৪
 
নারী দিবস উপলক্ষে ইত্তেফাক অনলাইনে আজ শোবিজের বিভিন্ন অঙ্গনের সফল নারীদের অনুভূতি আমরা পাঠকদের কাছে পৌঁছে দেবার চেষ্টা করছি।
 
সেই ধারাবাহিকতায় দেশসেরা সফল অভিনেত্রী ও র্যাম্প মডেল জান্নাতুল পিয়া ইত্তেফাক অনলাইনকে বললেন, ‘আমার মতে সর্বসাধারণের ভেতরে নারী হিসেবে নয় একজন মানুষ হিসেবে আগে অন্যদের দৃষ্টিভঙ্গিটা বদলে আনতে হবে। আমি নিজে আইন পেশায় পড়াশোনা করছি। কারণ এর আগেও আমি বলেছি যে আমি আগামীতে পূর্নোদ্যমে রাজনীতিতে আসতে চাই। নারী নেত্রী হিসেবে দেশের জন্য কিছু করার জন্যই রাজনীতিতে আসবো ।’
 

পিয়া আরো বলেন, ‘হ্যা, সফল সমাজ বা নারীদের সত্যিকার অর্থে বিকাশ ঘটাতে হলে সংসদে নারী নেত্রীদের সংখ্যা আরো বাড়তে হবে। আমরা খুব ভাগ্যবান জাতি যে, আমাদের প্রধানমন্ত্রী একজন প্রকৃত অর্থেই অনন্যা এক নারী। নিজের ক্যারিয়ারের অভিজ্ঞতায় বলবো আমি সমাজের কাছ থেকে অনেক কথা শুনেছিতো বটেই। আমার একটি আন্তর্জাতিক প্রতিযোগিতার সাফল্য নিয়ে মিডিয়াতেও আমাকে কথা শুনতে হয়েছে। আমি যদি ঐ সময়ই দমে যেতাম, তাহলে হয়তো ক্যারিয়ারে আমার আর সামনেই আসা হতো না। তাই নারী হিসেবে বলবো অন্য সকল শোবিজ কর্মীদের- সমাজ বা মিডিয়ার কটাক্ষকে প্রশ্রয় না দিয়ে নিজের বুদ্ধিতে ভালো কাজ করে যাওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’