রিং দ্য বেল ফর জেন্ডার ইক্যুইটি শীর্ষক সভা

যোগ্যতা দিয়ে ব্যবসায়ে উঠে আসার তাগিদ

আপডেট : ০৮ মার্চ ২০১৬, ১৯:০৬
পরিবারের সদস্য হিসেবে নয় নারীদের ব্যবসায়ে উঠে আসতে হবে যোগ্যতা দিয়ে। এজন্য নারীদের চ্যালেঞ্জ নেয়ার মানসিকতা থাকতে হবে। দক্ষতা অর্জন করতে হবে। পাশাপাশি নিজের যোগ্যতার প্রমাণ দিতে হবে। এসব করতে হলে নারীর শিক্ষার প্রয়োজন। কারণ শিক্ষা ছাড়া কিছুই সম্ভব নয়। 
 
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) নারী দিবস উপলক্ষে ‘রিং দ্য বেল ফর জেন্ডার ইক্যুইটি’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা। রিং দ্য বেল কর্মসূচিটি ২৮টি দেশের ৩৬টি স্টক এক্সচেঞ্জে পালিত হচ্ছে।
 
ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক স্বপন কুমার বালার সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিএসআর সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহামীম এস রহমান। 
 
তিনি বলেন, আমাদের দেশের কোম্পানিগুলোতে যেসব নারী বোর্ড সদস্য হিসেবে রয়েছেন, তাদের অধিকাংশই পারিবারিক ব্যবসা থেকে এসেছেন। কর্পোরেট সিস্টেমে উঠে আসা নারীদের সংখ্যা অনেক কম। তাই এখানে নারীর অংশগ্রহণ জরুরি। প্রতিটি কোম্পানিতে ন্যূনতম ১ জন নারী বোর্ড পরিচালক থাকা বাধ্যতামূলক হওয়া উচিত।
 
সভায় ডিএসইর পরিচালক মনোয়ারা হাকিম আলী বলেন, নারীর কর্মক্ষমতা বাড়ানোর সুযোগ সব দেশেই রয়েছে। নারীকে এগিয়ে যেতে হলে নারীর ক্ষমতা ও দক্ষতা বাড়াতে হবে। একজন নারী হিসেবে যোগ্যতার মাধ্যমে আমি এই অবস্থানে আসতে পেরেছি। নিজেদের ভাবমর্যাদা উন্নত করার মাধ্যমে নারীকে আরও এগুতে হলে যোগ্যতা ও দক্ষতার প্রমাণ দেয়ার ওপর জোর দেন এফবিসিসিআইয়ের সাবেক এই ভাইস প্রেসিডেন্ট।
 
ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশনের পরিচালক খুজিস্তা নূর এ নাহরীন বলেন, একজন নারীকে অবশ্যই যোগ্যতা, আত্মবিশ্বাস ও চ্যালেঞ্জ নেয়ার মানসিকতা থাকতে হবে। যে এটা নিতে পারবে সে এগিয়ে যাবে। আমাদের দেশে নারীদের কর্মদক্ষতা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এর সুবাদেই অর্থনীতি এগিয়ে যাচ্ছে। 
 
অনুষ্ঠানে বক্তারা বলেন, উন্নত দেশগুলোতে কর্মক্ষেত্রে নারী সমান সুযোগ পাওয়ার কারণে অনেক বেশি অবদান রাখতে পারছে। আমাদের দেশেও নারীদের কর্মক্ষেত্রে অংশগ্রহণ বেড়েছে। তবে এখনও কিছু কিছু ক্ষেত্রে আমরা কাঙ্খিতভাবে এগুতে পারিনি।
 
অনুষ্ঠানে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ফারজানা চৌধুরী, ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশনের সভাপতি আহসানুল ইসলাম টিটু, আইএফসির আঞ্চলিক প্রতিনিধি ওয়েন্ডি ওয়ার্নার প্রমুখ উপস্থিত ছিলেন।