১৭ মার্চ আসছে অপ্পো’র দুই ফ্ল্যাগশিপ ফোন

আপডেট : ০৯ মার্চ ২০১৬, ০৯:৩৫
বিকাশমান স্মার্টফোন বাজারে প্রতিনিধিত্বশীল অবস্থানে পৌঁছাতে আকর্ষণীয় কনফিগারেশনের ফোন এনে থাকে অপ্পো। কম দামী এই সব ডিভাইসের মাধ্যমে এরই মধ্যে বেশ পরিচিতিও অর্জন করেছে প্রতিষ্ঠানটি।
 
এবার আরও দুটি ফোন আনতে যাচ্ছে এই চীনা প্রতিষ্ঠান। এগুলো হল অপ্পো আর৯ এবং আর৯ প্লাস। ফ্ল্যাগশিপ স্মার্টফোন দুটি ১৭ মার্চ উন্মোচন করা হবে। চাইনিজ সার্টিফিকেশন ওয়েবসাইট টিনার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।
 
ডিভাইস দুটিতে অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ ব্যবহার করা হয়েছে। ডুয়াল সিম সুবিধার ডিভাইস দুটিতে ২৮৫০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি জুড়ে দেয়া হয়েছে।
 
এই দুই ফ্ল্যাগশিপ ডিভাইসে ১৬ মেগাপিক্সেল রিয়ার ও ফ্রন্ট ফেসিং ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সুবিধার দুই ডিভাইস টুজি, থ্রিজি ও ফোরজি এলটিই নেটওয়ার্কের পাশাপাশি ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস সংযোগ সমর্থন করবে।
 
তবে অপ্পো আর৯ স্মার্টফোনটিতে রয়েছে ১০৮০–১৯২০ পিক্সেল রেজ্যুলেশনের ৫ দশমিক ৫ ইঞ্চি ফুল এইচডি অ্যামোলেড ডিসপ্লে। ৪ গিগাবাইট র‍্যামের এ ডিভাইসে অক্টা-কোর প্রসেসর আছে। এতে ৩২ গিগাবাইট অভ্যন্তরীণ তথ্য সংরক্ষণের সুবিধা রয়েছে, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ১২৮ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।
 
অন্যদিকে, অপ্পো আর৯ প্লাস স্মার্টফোনটিতে আছে ১০৮০–১৯২০ পিক্সেলের ৬ ইঞ্চি ফুল এইচডি অ্যামোলেড ডিসপ্লে। ৪ গিগাবাইট র‍্যামের এ ডিভাইসে অক্টা-কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। স্মার্টফোনটিতে ৬৪ গিগাবাইট অভ্যন্তরীণ তথ্য সংরক্ষণের সুবিধা রয়েছে, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ১২৮ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।