ঋণ শোধ করতে ফেসবুকে স্ত্রীকে নিলামে!

আপডেট : ০৯ মার্চ ২০১৬, ১০:৫৩
দেনা মেটাতে স্ত্রীকে বিক্রি করতে চেয়ে ফেসবুকে স্ট্যাটাস আপডেট করলেন এক ব্যক্তি। দাম ১ লাখ রুপি! এমনই অদ্ভূত ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের খারগোন জেলায়।
 
বেকার যুবক দিলীপ ফেসবুকে লেখেন দেনা শোধ করতে তিনি স্ত্রীকে বিক্রি করবেন। টাকা দিলে যে কেউ তাকে পেয়ে যাবে।
 
পুলিশ জানায়, ফেসবুকে দিলীপ স্ত্রী ও দুই বছরের কন্যার ছবি পোস্ট করেন। তার সাথে যোগাযোগের জন্য নিজের মোবাইল নম্বরও ফেসবুকে দিয়ে দেন।
 
তিন বছর আগে দিলীপের বিয়ে হয়। বিয়ের পর ইন্দোরে বসবাস শুরু করেন তারা। এর মধ্যে দিলীপ  বেশ কয়েকজনের কাছ থেকে টাকা ধার করেন। কিন্তু তা শোধ করতে পারছিলেন না তিনি। পাওনাদাররা তাগাদা দিচ্ছিলেন বলে চরম উদ্বিগ্ন ছিলেন তিনি। তবে বউ বিক্রি করা সম্ভব হয়নি তার পক্ষে। কারণ তার স্ত্রী বাপের বাড়ির আত্মীয়দের মাধ্যমে বিষয়টি জানতে পারেন। প্রচন্ড অপমান ও মানসিক যন্ত্রনায় স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। গ্রেফতার এড়াতে পালিয়ে বেড়াচ্ছেন দিলীপ।